এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭

কোন এক গ্রীষ্মে আমরা ঠিক দ্বিগুণ হবো! 





প্রিয় নাম না জানা মেয়েটি, 

তোমাকেই বলছি। হয়তো তুমি আমার সমবয়সী। হয়তো বা আমাদের বয়সের ব্যবধান বিস্তর।তোমার আমার জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা হয়তো আলাদা, কিন্তু তুমি যখন রুখে দাড়াও অন্যায়ের প্রতিবাদে, বিনিময়ে তোমায় দেওয়া হয় বেশ্যা উপাধি, তুমি যখন তোমার অধিকার নিয়ে কথা বলো, বিনিময়ে পাও গণধর্ষনের হুমকি ; তুমি যখন দূর্ণীতির বিরুদ্ধে মিছিল করায়, জেল হাজতে তোমার অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়;  কিন্তু এতকিছুর পরও যখন তোমার সাহসকে ভাঙা যায় না, তুমি হাতের মুঠো আরো শক্ত করে শুন্যে তোলো, তখনই মনে হয় আসলে তোমার আমার বেঁচে থাকায় খুব বিশাল কোনো ব্যবধান নেই l

মেয়ে, তুমি হয়তো জানো, নারীজন্মে জীবনের বেশীরভাগ সময় কোনো না কোনো অজুহাতে বেশ্যা, খানকি, মাগী(আঞ্চলিক ভাষায় আরো কত কি) শুনতেই হয়,  ধর্ষন, গনধর্ষনের হুমকি পেতেই হয়। এই সমাজ, এই রাষ্ট্র   চরমভাবে  শিশ্নপ্রধান। আর এই শিশ্নপ্রধান সমাজে ক্ষমতাধর নারীটিও চরম অসহায়।যদি তুমি ওড়না না পরতে চাও, তুমি বেশ্যা। পুরুষদের মতের বিরুদ্ধে বলেছো, তোমার এত সাহস- তুমি বেশ্যা। তোমাকে সকলের সামনে গনধর্ষনের হুমকি দেওয়া হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছ! সামান্য মেয়েমানুষের এত আস্পর্ধা!! তুমি বেশ্যা। পড়াশুনার চাপে বা চাকরি বা ক্যারিয়ারের জন্য হয়তো সন্তান ধারনে অনীহা, তুমি ফিগার ঠিক রাখতে চাওয়া বেশ্যা। নারীজন্মে সারাজীবন ধরে চলে বেশ্যা সমাচার। 

আসলে এই সমাজ/রাষ্ট্রে, ধর্ষন পুরুষের ক্ষমতার বহি:প্রকাশ। ধর্ষণ হলো পৌরুষের একাধিপত্যের নিশান। তারা পুরুষ, তাদের একখানা লিঙ্গ আছে এবং ঠিক সেকারনেই তারা যখন তখন যে কোনো নারীকে ধর্ষনের হুমকি দিতে পারে, গনধর্ষনের হুমকি দিতে পারে, কুকুর দিয়ে ধর্ষন করানোর হুমকি দিতে পারে, কবর থেকে তুলে ধর্ষন করার কথা বলতে পারে। তোমাকে অবলীলায় বেশ্যা উপাধিতে ভুষিত করতে পারে,  সে ফেইসবুক পোষ্ট হোক অথবা প্রাত্যহিক জীবনে। তাদের কোনো শাস্তি হয় না, কোনো প্রতিবাদ হয়না, আইন, রাষ্ট্র, রাষ্ট্রের নাগরিক তাদের দেখে মুচকি হাসে। তাদের দেখে নতুন করে জেগে ওঠে আরো কত পটেনশিয়াল ধর্ষক।  তুমি নারী,তুমি একটা মাংস পিন্ড, এবং যেহেতু  তোমার যোনি আছে, তুমি  পাঁচ বছর বয়সের হোও বা পঞ্চাশ বছরের, তোমায় ধর্ষন করা, বা ধর্ষনের হুমকি দেওয়া পুরুষ, পুরুষপ্রধান রাষ্ট্রের মৌলিক অধিকার। 

মেয়ে, তুমি তো জানোই, মৌলবাদের- সে হিন্দু মৌলবাদ হোক বা মুসলিম মৌলবাদ, কোনো পার্থক্য নেই। এই দুই মৌলবাদেরই প্রধান কাজ নারীদের আটকে রাখা। কারন, এই দুই মৌলবাদী শক্তিকেই চালায় পুরুষেরা। এবং পুরুষতান্ত্রিক সমাজের ধ্বজ্জাধারী পুরুষ পাষণ্ডের কাছে নারী নিছক ‘ সেক্স অবজেক্ট ' ছাড়া আর কিছু নয়। আর কিছু ভাবতে চায় ও না তারা। 

তাই তোমার রাজনৈতিক মতামতের প্রতি, তোমার নিজের অধিকার চাওয়ার প্রতি তারা প্রতিক্রিয়াশীল আচরন করে। তাদের তথাকথিত মতের বিরুদ্ধে গেলেই অক্টোপাসের মতো হাত-পা ছড়িয়ে তারা তোমায় কুৎসিত আক্রমন করে। তারা খুব বিরক্ত হয় যখন তুমি তাদের কাছে মাথা নত করো না। 

তোমার প্রতিবাদ কেন  তাদের শান্তি নষ্ট করে তার কারণ আমি জানি। তুমি যখন তাদের  সহানুভুতি চাও না, ভিক্ষার ঝুলি নিয়ে তাদের কাছে অধিকার ভিক্ষা করতে  যাও না; (তারা মহান পুরুষ দেখতে চায়, তুমি নাকিকান্না কেঁদে তাদের কাছে বঞ্চনার প্রতিকার চাইবে) তাদের সে ইচ্ছেয় গুড়েবালি দিয়ে তোমার লড়াই যখন তুমি নিজে করো, তারা ক্ষুদ্ধ হয়, রাগ করে।চিৎকার করে তোমায় থামাতে চায়। তারা তোমাকে ভয় পায়। তোমার মাথা না -নুয়ানোর সাহসকে ভয় পায়। যুগযুগ ধরে পুরুষতন্ত্র তাদের পইপই করে শিখিয়েছে, নারীর স্থান পুরুষের পায়ের নীচে। তাই আজ যখন তারা দেখে নারী তাদের বাধা-নিষেধকে তোয়াক্কা না করে মাথা তুলে দাড়াতে চাইছে, তারা ভীষন ভয় পেয়ে যায়।  একজন প্রতিবাদী নারীকে দেখে বিহ্বল হয়ে পড়ে তারা। মেয়ে হয়ে হাজার-কোটি বছরের ধারাবাহিকতাকে উপেক্ষা করে মাথা তুলে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে, সে পরিবর্তনের কথা বলছে, সমান অধিকারের কথা বলছে, অনেকক্ষেত্রে সে পুরুষকে ছাড়িয়ে যাচ্ছে - এসব তারা মেনে নিতে পারে না। তাদের এতদিনের সিংহাসন চলে যাওয়ার ভয় পায় তারা। তাই ঐসব তকমা দিয়ে, গণধর্ষনের হুমকি দিয়ে তারা তোমায় দমন করতে চায়, আটকে রাখতে চায়। একজন নারীর চলার পথকে দুর্গম আর কষ্টময় করতে তার চরিত্রের উপর আঘাত হানা, তাকে ধর্ষনের হুমকি দেওয়াই তাদের শেষ হাতিয়ার।

তুমি তো জানোই মেয়ে, নারীবাদ মানে মস্তিষ্কে চেপে বসা কোনো ভূতুড়ে খামখেয়াল নয়, নারীবাদ মানে পুরুষবিদ্ধেষী হয়ে ওঠাও নয়। নারীবাদ একটা নিরন্তর লড়াই, যে লড়াই নারী স্বাধীনতা-প্রত্যাশী।চোখের ছানির মতো পুরুষতান্ত্রিকতাও আসলে একপ্রকার সামাজিক ছানি এবং নারীবাদ তার বিরুদ্ধে গড়ে ওঠা একটি রাজনৈতিক ওষুধ। 

তাই আজ খুব জরুরি, পুরুষতন্ত্র নামক ছানিটাকে কাটা যা আদপে ধর্ষণ নামক ক্ষমতাপ্রদর্শনের শেকড় । পুরুষতন্ত্রের প্রমোটররা আমাদের  প্রতিপক্ষ তো বটেই। তাদের সাথে লড়াই আমাদের লিঙ্গের নয়, যোগ্যতার। জন্মসূত্রে পাওয়া এক লিঙ্গের জোরে তারা যতদিন নিজেদের  প্রথম আর আমাদের দ্বিতীয় লিঙ্গ ভাবতে থাকবে, আমরা ততদিন ওই লিঙ্গ বিভেদকে চ্যালেঞ্জ করে  তাদেরকে মানুষ বানানোর লড়াই করে যাবো। তারা  যতদিন পুরুষ হয়ে নারীকে শোষণ করবে,আমরা মানুষ হয়ে তাদের মোকাবেলা করবো। তারা যত নিয়ন্ত্রণ করবে আমাদের, তাদের তত বেশী করে স্বাধীনতা শেখাবো আমরা। যতদিন তারা নারীকে দমন পীড়ন  করবে, ততদিন আমরা তাদের মানুষের শক্তি দেখাবো। যতোবার তারা  নারীকে দমিয়ে রাখতে ধর্ষন, গনধর্ষনের হুমকি দেবে, ততোবার আমরা  মানুষ হয়ে শাবল চালাবো তাদের বুকে ; পুরুষতন্ত্রের বুকে।

তুমি তো জানোই মেয়ে,  আমাদের শুরুটা বেশিদিনের নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে আসা সংস্কারকে এক তুড়ি মেরে- তাতে পরিবর্তনের আশা আমরা করিনা । দু’চার বছরের ভেতর যে সবকিছু বদলে যাবে এমন আশাও করি না। কারন পরিবর্তন দীর্ঘমেয়াদি একটা প্রসেস। আমরা  শতাব্দীর হিসাব করে লিখি বা বলি; রাতারাতি কোনকিছু পরিবর্তনের আশায় নয়। তবুও আমাদের  জীবদ্দশায় আমাদের কথা শুনে, লেখা পড়ে  যদি একটা মেয়েও ঘুরে দাঁড়ায়, একটা ছেলেও যদি মেয়েটার হাত ধরে পাশে দাঁড়ায়, তবে তো সেটাই আমাদের প্রাপ্তি বলো! সেটাই তো আমাদের বলা হাজারটা কথার, লেখার, স্বপ্নের পূর্ণতা!

তাই যতই বাধা আসুক মেয়ে, যতই পুরুষতন্ত্রেরা হায়েনা রা আমাদের ছিঁড়ে খেতে আসুক, যত নোংরা মন্তব্য উড়ে আসুক আমাদের দিকে, হার মেনোনা কখনো। বরং আরো জোরে চিৎকার করো, সেই  চিৎকারে যেন পুরুষতান্ত্রিক সমাজের একটা একটা ইট খসে পড়ে। আজকে হয়তো আমরা সংখ্যাই কম, কিন্তু কোন এক গ্রীষ্মে আমরা ঠিক দ্বিগুণ হবো। 

প্রিয় মেয়ে, লড়াইটা ততোদিন চালিয়ে যেতে হবে তো। 


















বুধবার, ২৯ মার্চ, ২০১৭

বৌদ্ধ দর্শন কিভাবে বৌদ্ধ ধর্মে পরিণত হল!
_______________________________________





বৌদ্ধ ধর্মের উৎপত্তি ভারতবর্ষে। কিন্তু কেন নাস্তিক বুদ্ধের কপালে দেওয়া হল ভগবানের টিকা সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন বৌদ্ধ পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন উনার ‘ভারতমে বৌদ্ধ ধরম কা উত্তান ঔর পতন’ নামক বই এ।
রাহুল সাংকৃত্যায়ন মতে ভারতে বৌদ্ধ ধর্মের মূল বিলোপ সাধন হয়েছে চতুর্দশ শতকে, তবে সে কারণটি ছিল বুদ্ধের মৃত্যুর পর থেকে। তাই সময়ের কালক্রমে সিদ্ধার্থ গৌতমের নামের পূর্বে ‘ভগবান’ যোগ হয়ে হয়েছে, ভগবান গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের বিকৃত হওয়ার প্রধান কারণ ছিল, তৎকালীন যুগে বুদ্ধের দর্শনে মানুষকে বেশী আকর্ষিত করায়, পার্শ্ববর্তী নানা ধর্মীয় সমাজ বুদ্ধকে তাদের দলে টেনে নিয়ে বিকৃত করার রুপকে শতভাব সার্থকতা দিয়েছে। বুদ্ধের সমস্ত শিক্ষা ছিল মৌখিক, যারা এই
শিক্ষা ধরে রাখতেন তাদেরকে মতিকা-ধর বলা হয়। তিনি বুদ্ধের দর্শনের বিকৃতিতে প্রাধন্য দিয়েছেন হস্তান্তরের ফলে তত্ত্ব বিকৃতির সত্যতাকে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতিতে ভিক্ষুরা একমত হতে না পেরে মহসঙ্ঘ নাম দিয়ে আরেকটি সম্মেলন হয়েছিল।যা ছিল বুদ্ধ দর্শনের বিলুপ্তির মূল কারণ এবং বৌদ্ধ ধর্মের সূচনা।

কুশান বংশের রাজা কনিস্কের সময় তৈরি হয় বুদ্ধের মূর্তি নির্মাণের কাহিনী। সেই সময় মানবপুত্র বুদ্ধকে বসানো হয় ভগবানের আসনে। বুদ্ধের মূল দর্শনে আনা হয় দেবতা এবং মিথের সমষ্টি। বুদ্ধের দর্শন বিকৃতিতে যোগ হল স্বর্গ নরক, জাতক, বুদ্ধের জন্ম মৃত্যুর নানা কাহিনী নিয়ে হাজারো মিথ। তৎকালীন মানুষ ধ্যান সাধনা পরিত্যাগ করে জামজমক ভাবে বুদ্ধের পুজায় লিপ্ত হলেন। শুরু হল মহাজন এবং তন্ত্রজান বুদ্ধ ধর্মের ধারনি, মঞ্জুশ্রী মূল কল্প, গুহ্য সমাজ, চক্র সংবর, তৎকালীন ব্রত শ্চারন, বলি পূজা, পুরশ্চরন ইত্যাদি তপ-জপ ও তন্ত্র-মন্ত্রের
প্রভাবে বৌদ্ধ ধর্ম আজকের রূপে এসে পৌছাল। যাতে হারিয়েছে গেছে বৌদ্ধ দর্শনের প্রকৃত সত্তা। সেখান থেকে উদ্ভব হয় স্তবিরবাদ এবং মহাসঙ্ঘবাদ।যে কারনে রচিত হয় বুদ্ধের নামে নানা সূত্র এবং পার্থক্য দেখা যায় সূত্র-পিটক এবং বিনয়-পিটকের মাঝে।

অশোকের পৃষ্ঠপোষকতায় প্রথম শুরু হয় বৌদ্ধ ধর্মের ভারতের বাইরে প্রচার। অশোকের অবদানের ফলে মূলত আজ বৌদ্ধ ধর্ম এত বেশী প্রসার পেয়েছে। আধুনিক ত্রিপিটক সংরক্ষণ হয় শ্রীলংখ্যায় খ্রীষ্টিয় প্রথম শতকে। কিন্তু ততদিনে বৌদ্ধ দর্শনে ভারত থেকে হিন্দুত্বের প্রভাব ঢুকে পরে। যে কারনে বৌদ্ধ দর্শনে হিন্দু ধর্মের এবং স্বর্গ-নরকের বর্ণনা পাওয়া যায়। মৌর্য
সম্রাটদের অতীব ভক্তির কারনে তারা নির্মাণ শুরু করে হাজার হাজার স্তূপ, আর সেখান থেকেই ধারনা লাভ করে আধুনিক তীর্থ যাত্রার। খৃষ্টের জন্মের দুইশ বছর পর মৌর্য শাসনে এলো বিশাল পরিবর্তন , শাসকরা ছিল অব্রাহ্মণ ধর্মের বিদ্বেষী। যা বুদ্ধ দর্শনের বিলুপ্তির পথকে সুগম করেছে। মৌর্য শাসনের পর ব্রাহ্মণদের কর্তৃক গ্রন্থ সূচনা শুরু হয় । সে সময় রচিত হয় মহাভরতের প্রথম সংস্করণ।ব্রাহ্মণবাদের প্রভাবে বৌদ্ধ জনপদে পরিস্থিতি অনুকূলে না থাকায় বৌদ্ধরা তাদের মূল জনপদ ছেড়ে স্থানান্থরিত হতে লাগলো। কঠোরভাবে পুরানো রীতি স্থবিরবাদও দেশ, কাল, ব্যক্তিভেদে নানা রূপে আবির্ভূত হতে লাগলো।সর্বাস্তিবাদীরা মাথুরায় স্থানান্তর হয়ে সংস্কৃত ভাষায় ত্রিপিটক লিপিবদ্ধ করেন। ফলে নতুনভাবে সূচিত হল মহাসক্তিক, লোকেত্তরবাদ নামে আরও কয়েকটি নিকায়। স্থবিরবাদের থেকে সর্বাস্তিবার বাদের আবির্ভাব। সর্বাস্তিবাদের
উৎপত্তি যবন রাজাদের কারনে।

কুশান বংশের রাজা কনিস্ক সর্বাস্তিবাদী ভিক্ষুদের নিয়ে একটি মহাসভা করেন। সেই সভায়ও বৌদ্ধ দর্শনে নানা মতবিরোধ দেখা দিলো। খৃষ্টীয় প্রথম শতকে আচার্য নাগার্জুনের আবির্ভাব হয়। তিনি শূন্য বাদের
দর্শন প্রচার করেন। মহাজন এবং শূন্যবাদের দর্শন যোগে তৈরি হয় মহাজান সম্প্রদায় এবং তা অন্তর্ভুক্ত হয় ত্রিপিটকে। ফলে আবারও বিকৃত
হয় বৌদ্ধ দর্শন।চতুর্থ শতকে পেশোয়ারের আচার্য বসুবন্ধু বৈভাষিক মতভেদে নতুন গ্রহন্ত লিখেন যার নাম অভিধর্ম কোষ। তাই চতুর্থ শতকে এসে বৌদ্ধধর্মে বৈভাষিক, সৌত্রান্তিক যোগাছার এবং মাধ্যমিক সম্প্রদায়রূপে রূপান্তরিত হয়। বুদ্ধের অলৌকিক কর্মকাণ্ডে প্রচারে মূল ভূমিকা ছিল মূলত মহাযান পন্থীদের। বোধিস্বত্বের মাহাত্ম্য প্রদর্শনে তারা যোগ করেছিল অবলোকিতেশর, মঞ্জুস্রী, আকাশ মার্গী প্রভৃতি শত শত কল্পনা।

বুদ্ধের মৃত্যুর চারশো বছর পর যখন রাজা কনিস্ক প্রথম বৌদ্ধ মূর্তি নির্মাণ করেন মহাযান ধর্মপন্থীরা তখন শুরু করলেন জাক জমক পূর্ণ বুদ্ধপুজার
আনুষ্ঠানিকতা। দেব দেবীর ন্যায় শুরু হল বুদ্ধ থেকে কামনা পূর্ণ করার পর্ব। চারিদিকে বুদ্ধের মূর্তি এবং বড় বড় বিহার নির্মাণ শুরু হল। এমনকি মহাযান পন্থীরা সুত্র পর্যন্ত বিকৃত করেছিলেন নিজেদের সুবিধার্থে, যার প্রাদুর্ভাব ত্রিপিটকে আছে। বৌদ্ধ নিকায়ের মধ্যে গুপ্ত সাম্রাজ্যের প্রারম্ভিক কাল থেকে হর্ষবর্ধনের সময় মঞ্জুশ্রী মূলকল্প, গুহ্য সমাজ ও চক্র সংবর ইত্যাদি অনেক তন্ত্রের উদ্ভব হয়। এই সময় আবিষ্কার হয় বুদ্ধ পূজার যা আজো চলে আসছে ভারতবর্ষ তথা এই উপমহাদেশে। অষ্টম শতাব্দীতে বুদ্ধের সরল দর্শনের প্রতি বিশ্বাস উঠে যায় বজ্রযানদের তারাও ভিড় জমায় মহাযানপন্থীদের দলে। এই সময় প্রচলন হয় মানুষের মাথার খুলি নিয়ে শ্মশানে ধ্যান সাধনার। সাধারণ মানব বুদ্ধের অলৌকিক ক্ষমতার প্রতি মানুষের বিশ্বাস বাড়তে থাকে। বজ্রযানপন্থীরা মধ্যে একদল মাতাল প্রকাশ্যে স্ত্রী ভোগ এবং মদ পানে লিপ্ত হতেন, তাদের সহযোগিতা করতেন রাজা মহারাজারা। এমনকি এক সময় বলি পূজা পর্যন্ত বুদ্ধ দর্শনে আনার চেষ্টা করা হয়।ভারতীয় জনগন বুদ্ধের দর্শনকে ধর্মে রূপান্তর করে অন্ধবিশ্বাসে লিপ্ত হয়।কিন্তু কালক্রমের তাও বিলুপ্ত হয়ে পরে।
কন্ডোম ও ধর্মীয় ভাবাবেগ
__________________________





                          "আমাকে ধর্ষণ করবে যদ্দিন কবর থেকে তুলে—
                      কন্ডোম পরানো থাকবে, তোমার ওই ধর্মের ত্রিশূলে!’ - 

শ্রীজাতের লেখা এই লাইনদুটো নিয়ে সোস্যাল মিডিয়া, সমাজ, রাজ্য (পশ্চিমবঙ্গ, আসাম) উত্তাল!!  উগ্র হিন্দুত্ববাদীদের গায়ে আগুন লেগে গেছে!! শ্রীজাত নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন!! কিন্তু একজন মানুষ ও এটা বলছেন না, শ্রীজাতের ঐ লাইন ধর্মের বিরুদ্ধে নয়, একজন মানুষের (যিনি কিনা ভারতের বৃহত্তম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী!!) করা মন্তব্যের প্রতিউত্তর!  তার জনসভায় বলা হয়েছিল "মুসলিম মহিলাদের কবর থেকে তুলে এনে ধর্ষন করা হোক"!  

একইভাবে শ্রীজাত মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধেও লিখেছিলেন তার অন্ধকার কাব্যগুচ্ছ। তখন তো আপনারাই বাহবা দিয়েছিলেন! শেয়ার করে  চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন! তবে আজ কি হলো!?? 


আজকে যারা শ্রীজাতের বিরুদ্ধে কথা বলছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা বলছেন, তাদের তো একবারের জন্যেও যোগী আদিত্যনাথের এই মন্তব্যের বিরোধীতা করতে দেখিনি!! একজন দায়িত্বশীল মন্ত্রীর জনসভায় এইধরনের উস্কানিমূলক মন্তব্যে প্রতিবাদ করতে তো কাউকে দেখিনি!! প্রকারান্তে ধর্ষনের সংস্কৃতিকে বাহবা দেওয়ার প্রতিবাদ তো কাউকে করতে দেখিনি!! একজন মহিলা, সে হিন্দু হোক বা মুসলিম, তাকে ধর্ষন করার ফতোয়া দেওয়ার অধিকার পায় কি করে এরা!! এর বিরুদ্ধে কাউকে তো সোচ্চার হতে দেখিনি!! আজকে যারা ধর্মীয় ভাবাবেগ আহত হওয়ার কথা বলছেন, তার একবার 'মুসলিম মহিলার' জায়গায় নিজের মা-বোনকে বসিয়ে দেখুন তো কেমন লাগে!! কোনো ভাবাবেগ আহত হয় কি না!?? 

শুধু কি এই মন্তব্য!! একজন  দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়া সত্ত্বেও একের পর এক বিদ্ধেষপূর্ণ মন্তব্য তিনি করে গেছেন! কৈ, কাউকে তো প্রতিবাদ করতে দেখিনি!! একটা রাজ্য, দেশ মানে শুধু কোনো একটা ধর্মাবলম্বী লোকদের একার সম্পত্তি নয়! দেশ মানে যেখানে সব জনজাতি/সব ধর্মাবলম্বী লোকের বাস! সবার সমঅধিকার! সেখানে কেবলমাত্র একতরফা বিদ্ধেষপূর্ণ মন্তব্য যারা করে, উগ্র ধর্মান্ধতা যারা ছড়াতে চায়, যারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, সে হিন্দু হোক বা মুসলমান, সেইরকম কোনো  ব্যক্তিকে কোন ভিত্তিতে বাছাই করা হয় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে? 
এই স্বাভাবিক প্রশ্ন করলে, যারা মা-বাবা তুলে গালি দিচ্ছেন তারা একবার নিজের যুক্তিগুলো ভেবে দেখুন তো!! একবার আয়নার নিজের মুখটা দেখে বলুন তো নিজেকে মানুষ লাগছে না হিন্দু/মুসলমান লাগছে?? 

যারা শ্রীজাত কে নিয়ে পাল্টা কবিতা লিখছেন, তার একটা নমুনা  দিচ্ছি..! সব্যসাচী ভট্টাচার্য বলে একজন লিখেছে, 

"কন্ডোম নিয়ে কবিতা লেখো, এ কেমন কবি,
স্ত্রী সাথে করেছো নিশ্চয় কোনোদিন নীলছবি ।
কবি তোমার টাকে কন্ডোম, গোপনাঙ্গে হাত
বনমানুষের নাম দিয়েছে আবার শ্রীজাত ।
বেজাত নামটাই শ্রেয় ছিল, জারজ বলে কথা
কবি সেজে দিয়েছো তাই ধর্মানুভূতিতে ব্যাথা ।
ত্রিশূল নিয়ে লিখছো তাই অক্ষত আছে হাত,
ইসলাম নিয়ে লিখলে বুঝতে পারতে শ্রীজাত ।
তুমি কোন চুলের কবি, ধর্মকে করো অপমান,
কন্ডোম ছাড়া কি আর কিছুর নিতে পারোনা নাম ।
জারজ বলেই এসব বলো, ব্রা প্যান্টিতে আন্দোলন,
শুনেছি নাকি পাকিস্তান গিয়েছে তোমার আপন বোন ।
তোমার বাবা নাকি ধ্বজভঙ্গ, ফলাতে পারেনি তোকে,
তোর মা নাকি ছুটে গেছিল লাহোরের কোন ঝোপে ।
তোর মাথাতে কন্ডোম পরাবো, কুকুর দিয়ে করাবো ধর্ষন,
বাকস্বাধীনতার কবিতা কাকে বলে এবার দেখুন বুদ্ধিজীবিগন" 



এই কু-লেখা দেখা আপনাদের ভাবাবেগ আহত হচ্ছে না!! আপনারা বলুন, যে ধর্মান্ধ গুলো, শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে কারো মা-বোন-বউকে কুৎসিত আক্রমন করে, তাদের দেখে আপনাদের ধর্মীয় ভাবাবেগ আহত হয় না?? ধর্মীয় ভাবাবেগের নামে কোনো জাতি-গোষ্ঠীকে আক্রমন করতে যারা তাদের মা-বোন-মেয়ে কে ধর্ষনের কথা বুক ফুলিয়ে বলে, কুকুর দিয়ে ধর্ষন করানোর কথা বলে, তাদের দেখে আপনাদের মনুষ্যত্ব আহত হয় না?? পেটে বর্শা-ত্রিশুন খুচিয়ে অপরিণত ভ্রুণ টেনে এনে যারা পৈচাশিক আনন্দে মেতে ওঠে, তাদের দেখে আপনাদের ধর্মীয় ভাবাবেগ, মনুষ্যত্ব আহত হয় না?? অনার কিলিং দেখে আপনাদের যাবতীয় ভাবাবেগ আহত হয় না?? কন্ডোম শব্দে ভাবাবেগ আহত হয়, ধর্ষনে ভাবাবেগ আহত হয় না?? 

যদি হয়, তবে বলবো আগে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন, মানুষে মানুষে হানাহানির প্রতিবাদ করুন, ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে প্রতিবাদ করুন! আর যদি না হয়, তাহলে বলবো আপনাদের আকার আকৃতি মানুষের মতো, কিন্তু ভেতরে ভেতরে আপনারা একটা জানোয়ারের থেকেও অধম! 

















"আমি কি ডরাই সখা 'খানকি' গালিরে!!"
___________________________________

ফেইসবুক এবং বাস্তব জীবনে আমি একশ্রেনীর মানুষের সাথে ভালোভাবে কথা বলে দেখেছি, ওদের মতো নোংরা ভাষায় কথা বলে দেখেছি, ইগনোর করে দেখেছি - এবং এত সবকিছুর পর একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, আসলে ওরা আমাকে ভয় পায়! ওরা ভয় পায়, কারন ওরা জানে আমি শক্তিমান, দৃড়চেতা। আমাকে সহজে টলানো যায় না।  তারা আমার শক্তিকে ভয় পায় বলেই আমার দিকে ঢিল ছুঁড়ে, কিন্তু ঢিলটা যে আমার গায়েই লাগছে না তা তারা টের পায়না!!


আমি ভেবে দেখলাম, ওরা যখন আমার বিভিন্ন পোষ্টে আমাকে বেশ্যা/মাগি/খানকি বলে গালি দেয় তখন তাদের উদ্দেশ্যটা কী থাকে? তারা কি সত্যিই ভাবে আমি খানকি? না, আসলে আমাকে দমানোর আর সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মরিয়া হয়ে উঠে তারা আমায় ওইসব উপাধিতে ভূষিত করে!  আমার তাদের জন্য বড় করুনা হয়। করুনা হয় তাদের আমাকে ছোট করতে চাওয়ার/দমিয়ে রাখার নিরলস এবং ব্যাকুল প্রচেষ্টার ব্যর্থতা দেখে!  

আমার রাজনৈতিক এবং নারীঅধিকার নিয়ে লেখা পোষ্টগুলোতে তারা প্রতিক্রিয়াশীল আচরণ করে। তাদের তথাকথিত মতের বিরুদ্ধে গেলেই তারা আমায় বেশ্যা, মাগি তকমা দেয়! হিংসার বিপক্ষে শান্তির কথা বললে তারা ভয় পেয়ে যায়! ধর্মনিরপেক্ষতায় তাদের ভয়! সাম্যের কথা বললে তারা আরো ভয় পায়! তারা প্রাণপনে থামাতে চায় আমায়।তারা খুব বিরক্ত হয় যখন আমি পুরুষতন্ত্রের কাছে মাথা নত করি না। তারা ভয় পায় যখন আমার নিজের অধিকার আমি নিজেই দাবি করি। তারা পৌরুষিক আক্রমণে তেড়ে আসতে আসতে বলে, 'নারীবাদী মানে ভুঁইফোড় চরিত্রহীন ঘর ভাঙ্গানি নারীর দল'। তারা আরো একধাপ এগিয়ে আমাকে বেশ্যা, খানকি তকমা দেন! আসলে, একজন প্রতিবাদী নারীকে দেখে বিহ্বল হয়ে পড়ে তারা। মেয়ে হয়ে হাজার-কোটি বছরের ধারাবাহিকতাকে উপেক্ষা করে মাথা তুলে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে, সে পরিবর্তনের কথা বলছে, সমান অধিকারের কথা বলছে, অনেকক্ষেত্রে সে পুরুষকে ছাড়িয়ে যাচ্ছে - এতে তারা ভয় পেয়ে যায়! তাই ঐসব তকমা দিয়ে তারা আমাকে দমন করতে চায়, আটকে রাখতে চায়। 

আমার ক্ষমতা আর সাহসকে বিশ্বাস করতে কষ্ট হয় তাদের। তাই তারা  অবলীলায় আমাকে বেশ্যা বলে গালি দেয়, কারণ একটি মেয়ের নৈতিক চরিত্রকে  তারা এবং তাদের সমাজ অনেক আগেই ট্যাবু বানিয়ে রেখেছে। একটা মেয়ের চলার পথকে দুর্গম আর কষ্টময় করতে তার চরিত্রের উপর আঘাত হানাই তাদের শেষ এবং মোক্ষম হাতিয়ার।

কিন্তু তারা জানে না, যে মেয়ে একা হাঁটতে জানে, তাদের ছুঁড়ে দেয়া অপমানের ঢিল আর তার গায়ে লাগে না। তার কাছে বদলে গেছে মান-অপমান ভাল-মন্দের সংজ্ঞা।তার সম্মানবোধ যোনির বেড়া ছাড়িয়ে, দেহের সীমানা পেরিয়ে অন্যত্র স্থান পেয়েছে।তাদের বানানো চরিত্রশুদ্ধির বর্ম, অনেক আগেই পায়ের নীচে দুমড়ে মুচড়ে দিয়ে সে এগিয়ে চলেছে সামনে। 

মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭


সাম্প্রদায়িকতার আবহে ভারতবর্ষ



সাম্প্রদায়িকতা ভারতবর্ষের মানুষের রক্তে রক্তে। আমাদের ইতিহাস এর সাক্ষী। ইংরেজরা ভারতবর্ষের বুকে ‘সাম্প্রদায়িকতার’ বীজ পুতে গেছে - এটা একদমই ভুল ধারনা! আসলে  দু’শ বছর দেশ শাসন করে ইংরেজরা জেনে গেছিলো, আমাদের দেশের মানুষের দুর্বল স্থান কোথায়! উপযুক্ত স্পর্শকাতর জায়গাটুকু  চিহ্নিত করে ব্যবহার করেছে মাত্র। 

এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন , “আজ আমরা সকলেই এই কথা বলিয়া আক্ষেপ করিতেছি যে, ইংরেজ মুসলমানদিগকে গোপনে হিন্দুর বিরুদ্ধে উত্তেজিত করিয়া দিতেছে। কথাটা যদি সত্যই হয় তবে ইংরেজের বিরুদ্ধে রাগ করিব কেন। দেশের মধ্যে যতগুলি সুযোগ আছে ইংরেজ তাহা নিজের দিকে টানিবে না, ইংরেজকে আমরা এতবড়ো নির্বোধ বলিয়া নিশ্চিন্ত হইয়া থাকিব এমন কী কারণ ঘটিয়াছে। মুসলমানকে যে হিন্দুর বিরুদ্ধে লাগানো যাইতে পারে এই তথ্যটাই ভাবিয়া দেখিবার বিষয়, কে লাগাইল সেটা তত গুরুতর বিষয় নয়। শনি তো ছিদ্র না পাইলে প্রবেশ করিতে পারে না; অতএব শনির চেয়ে ছিদ্র সম্বন্ধেই সাবধান হইতে হইবে। আমাদের মধ্যে যেখানে পাপ আছে শত্রু সেখানে জোর করিবেই– আজ যদি না করে তো কাল করিবে, এক শত্রু যদি না করে তো অন্য শত্রু করিবে– অতএব শত্রুকে দোষ না দিয়া পাপকেই ধিক্কার দিতে হইবে। হিন্দু-মুসলমানের সম্বন্ধ লইয়া আমাদের দেশের একটা পাপ আছে; এ পাপ অনেক দিন হইতে চলিয়া আসিতেছে। ইহার যা ফল তাহা না ভোগ করিয়া আমাদের কোনোমতেই নিষ্কৃতি নাই। ”

ইংরেজ সৈন্যরা যতো না ভারতীয়দের মেরেছিলো তার চেয়ে অনেক বেশি মানুষ দেশভাগের সময় দাঙ্গায় মারা গিয়েছিলো।তাই ইংরেজরা ধর্মের ভিত্তিতে ভাগ করে নি আমাদের,  আমরা প্রথম থেকে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েই ছিলাম | ইংরেজরা মুসলিম লীগ ও বানায়নি আর হিন্দু মহাসভা ও বানায়নি! ইংরেজরা আর এস এস বানিয়ে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়েও দেয়নি! সিপাহী বিদ্রোহ ও ধর্ম দ্বারাই অনুপ্রাণিত ছিল, স্বাধীনতা বা  স্বদেশপ্রেমের গপ্প ছিল না তাতে! 

এদেশের প্রচুর সংখ্যক মানুষ ভিতরে ভিতরে তীব্র সাম্প্রদায়িক। তারা অনেকেই অগোচরে হিন্দুদের ‘মালাউন’ বলে সম্বোধন করে, মুসলমানদের 'যবন', 'নুনুকাটা', 'বাঙ্গাল' বলে সম্বোধন করে! হিন্দুরা মুসলমানের ছোঁয়া অব্দি খায়না অনেক ক্ষেত্রে!! আমার অদ্ভুত লাগে একটা বিষয়, আমাকে দেখে অনেক বন্ধু, পরিচিতরা বলে, 'ঈস! তুই একদম মুসলিমদের মতো না, একদম আমাদের মতো!' প্রশ্ন করেছিলাম, মুসলিমদের মতো না মানে? ওরা কি আলাদা গ্রহের প্রাণী? উত্তর এসেছিল, "না, ঠিক তা না, তবে ওরা অন্যরকম হয়!" কিরকম হয়, সেটা আজও জানতে পারিনি! মানুষের মুখ দেখে কি করে হিন্দু-মুসলমান বোঝা যায় , সেই আর্ট টা এখনো শিখতে পারিনি!! আবার অনেকে বলে, "তুই নিশ্চয় আগের জন্মে হিন্দু ছিলি, এজন্মে ভুল করে মুসলমান হয়েছিস!" অবাক হয়ে তাকানো ছাড়া আর কোনো কথা আসেনি মুখে! অনেক ছেলে প্রপোজ করার পর যখন জানতে পেরেছিল আমি মুসলিম তখন তাদের এক্সপ্রেশনটা দেখার মতো ছিলো! একবার আমার একজন স্যার আমার পরিচয় দিচ্ছিলেন অন্য ছাত্রদের এই বলে যে, "ও মুসলিম, কিন্তু বামপন্থী!" আমি বামপন্থী শব্দের মানে জানি, কিন্তু 'মুসলিম বামপন্থী' শব্দের মানে আজ অব্দি খুঁজে পাইনি! সারাজীবন ধরে দেখছি আমি যতবার নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে যাই, ততবারই আমার উপর আমার মুসলমান পরিচয় চাপিয়ে দেওয়া হয়!! হয়তো এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি, ট্রাডিশন! 

আমি জন্মেছিলাম একেবারে ন্যাংটো একটা শিশু হয়ে, যেরকম সব মানুষ পৃথিবীর আলো দেখে। ভারতেই জন্মাবো, বাঙালি হয়েই জন্মাবো, মুসলিম ঘরেই জন্মাবো – এমন কোনও প্ল্যান ছিল না। সব আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে জন্মের পরে। কথা বলতে পারতাম না , তাই আমার মতামত কেউ নেয় নি। তাই এই হিন্দু-মুসলমান-খ্রীষ্টান পরিচয়গুলোকে আমি স্রেফ ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবেই ভাবি, এর জন্য আলাদা করে কোনও গর্ব বা ঘেন্না অনুভব হয় না।ধর্ম জাত-পাত মন থেকে ঘৃণা করি। যারা গোরুকে মা মনে করেন এবং উগ্র হিন্দুত্ববাদ, হিন্দুজাতীয়তাবাদকে প্রোজেক্ট  করার নিরন্তর চেষ্টা করেন, আর যারা শুওরের মাংসকে “হারাম” বলে মনে করেন আর ইসলাম বাদে বাকি ধর্মকে মনে প্রানে ঘৃণা করেন, অস্বীকার করতে চান – দুই দলকেই আমি সমান অপছন্দ করি।



আর শুধু কি ধর্ম ? উঁচু জাত, নীচু জাত, মেথর, হরিজন, মুচি থেকে শুরু করে গায়ের কালো রঙ, হিজড়া, সমকামী নিয়েও ভারতবর্ষের মানুষের মধ্যে প্রচন্ডভাবে সাম্প্রদায়িকতা বা রেসিজম কাজ করে!  

ভারতবর্ষে এই মুখে উদার সাজা, ভেতরে প্রচন্ড রকমের সাম্প্রদায়িকতা পোষন করা লোকের ভিড়ে এখন আামি এবং আমাদের মতো মানুষরাই হয়ে পড়ছি সবচেয়ে বেশি সংখ্যালঘু। আমরা যারা ঈদের দিনে সেমাই খাই, নতুন কাপড় নেই, রোজা রাখি, নামাজ পড়ি, আবার মুসলমান হওয়া সত্ত্বেও পূজার মণ্ডপে, রথের মেলায়, কীর্তনের আসরে, ক্রিসমাসে গাছ সাজাতে উৎসাহ নিয়ে অংশ নেই, কিংবা যারা হিন্দু হয়ে পূজা করা সত্ত্বেও মুসলমান বন্ধুদের সঙ্গে ইফতার খাই, ঈদে মুসলিম বন্ধুদের বাড়ী গিয়ে সেমাই খাই, এবং যারা নারী-পুরুষের ও সব মানুষের সমঅধিকারে বিশ্বাস করি সেই আমরাই এই ভারতবর্ষে সংখ্যালঘু ।আমরা যারা সাম্প্রদায়িকতার তিলমাত্রও মনে লালন-পালন করি না সেই আমরাই সংখ্যালঘু। আমরা যারা রমেশ আর রহিম কে একই রকম মানুষ মনে করি সেই আমরাই সংখ্যালঘু।

আমি এবং আমরা সংখ্যালঘু হয়েছি সেইদিন থেকে, যেদিন থেকে আমরা হিন্দু বা মুসলমানের চেয়ে মানুষ হয়ে উঠেছি। আমরা আমাদের দেশে আর একটিবারের জন্যও দাঙ্গা দেখতে চাই না, তাই আমরা সংখ্যালঘু। আমরা আমাদের দেশে আর ধর্মীয় উগ্রতা দেখতে চাই না, তাই আমরা সংখ্যালঘু।  

যেদিন আমরা এবং আমাদের মতো মানুষরা ভারতবর্ষে সংখ্যাগুরু হয়ে উঠবে, হয়তো সেদিনই ভারতবর্ষ সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক দেশ হয়ে উঠবে!! জানিনা সেদিন কখনো আসবে কি না!! 

মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭


নবী দিবস/সরস্বতী পূজো ও ধর্মনিরপেক্ষতা






স্কুল কলেজ বা যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে 'নবী দিবস ' কেন হবে?? নবী দিবস সম্পূর্ণ ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান । স্কুল কলেজে তো সব ধর্মের ছেলেমেয়েরা পড়তে যায়, সেটা তো শিক্ষালাভের জায়গা, কোন ধর্মীয় অনুষ্ঠানের নয় ! উলুবেরিয়ার স্কুলের প্রধান শিক্ষক 'নবী দিবসের' অনুমতি না দিয়ে একদম সঠিক পদক্ষেপ নিয়েছেন । আর যারা ঐ এলাকায় এটা নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে তারা মানুষের কোনো পর্যায়ে পড়ে না ! 

এর সাথেই সম্পর্ক রেখে আমি আরও কিছু বলতে চাই! 

ভারতীয় সংবিধানের ২৮(১) নং ধারায় সরকারি বা সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ধর্মীয় অনুষ্ঠান/শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। ধর্মাচারণ  ব্যক্তির নিজস্ব ব্যাপার। 

তাহলে স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজো কেন হবে!!? নবী দিবস ই বা কেন হবে!!? আর যদি কোনো স্কুল কলেজ কোনো একটাতে অনুমতি দেয়, এবং অন্যটাতে দেয় না, তাহলে কি সমস্যার সৃষ্টি হবে না?? সেটা কি বৈষম্যমূলক নয়?? স্কুল কলেজে তো বৈষম্য মূলক আচরন হওয়ার কথা নয়?? আজকে যদি দেখা যেত স্কুলে নবী দিবস হচ্ছে কিন্তু সরস্বতী পূজো হচ্ছে না , তাহলে কি সমস্যা হতো না?? শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্র ধর্মনিরপেক্ষ হবে, সেটাই তো কাম্য। ধর্মের ভিত্তিতে শিশুদের পরিচয় নির্ধারণ করা, শিশুমনের সরলতার সুযোগ নিয়ে তাতে ধর্মীয় মতবাদ চাপিয়ে দেওয়া মানে কি শিশুর মৌলিক অধিকার খর্ব করা নয়? 

আজকে বাংলাদেশে মুসলিম সংখ্যাগুরু, সেখানে মন্দির ভাঙা, হিন্দু নির্যাতন হচ্ছে না?? ভারতে হিন্দু সংখ্যাগুরু, এখানে ফ্রিজে গরুর মাংস রাখা সন্দেহে পিটিয়ে খুন হচ্ছে না?? এই কথাগুলো এজন্য বললাম, কারন অঞ্চল ভেদে ধর্মীয় সংখ্যাগুরু এবং সংখ্যালঘু আছে! এবং সব ধর্মেই  উগ্র ধর্মীয় বোধ সম্পন্ন কিছু অমানুষ আছে! তারা সুযোগ পেলে ধর্মীয় উগ্রতা ছড়াবেই! এবং তার সঙ্গে রাজনৈতিক যোগ ও থাকে! 

এবারে আমার প্রশ্নটা হলো, যারা নিজেদের সেকুলার বলে দাবী করে ! তারা যদি  বলে 'নবী দিবস' কেন হবে এবং তা স্কুলে না হওয়ায় কিছু ধর্মান্ধ মুসলমানরা কেন স্কুল বন্ধ করবে, আর অন্যদিকে স্কুলে সরস্বতী পূজোকে প্রথা বলে সাপোর্ট করে যায়, তাহলে কি তাদের সেকুলার হওয়ার বড়াইটা প্রশ্নের মুখে পড়ে না?? তারা যদি বলে, সরস্বতী পূজো যেহেতু অনেকদিন থেকে চলে আসছে, যদি মুসলমানদের নবী দিবস করতেই হয় তবে তারা লিগ্যাল প্রসেস অনুযায়ী আসুক, তাহলে তাদের এই যুক্তিটা হাস্যকর নয়??

আমি এখানে 'নবী দিবস' হওয়াকে জাষ্টিফায়েড করতে বসিনি। আমি বলতে চাইছি  গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের সমস্ত সরকারী প্রতিষ্ঠান থেকে 'নবী দিবস' , 'সরস্বতী পূজা' সহ সমস্ত ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করুন। এবং তারপর নবী দিবস কেন হবে সেটা নিয়ে গলা ফাটিয়ে প্রতিবাদ করুন! 

আর বিদ্যার দেবীর আরাধনা যদি করতেই হয়, তাহলে সেই নির্ভীক নারীর করুন,  যিনি নারীকে ভোগের সামগ্রী থেকে আলোকময়ী করে তোলার জন্য শ্লোগান তুলেছিলেন, “হাম ভারত কি নারী হ্যায়, ফুল নাহি চিঙ্গারী হ্যা”! 

তিনি সাবিত্রী ফুলে। মহামানব জ্যোতি রাও ফুলের সহধর্মিণী। সমগ্র এশিয়ার প্রথম শিক্ষিকা। ১৮৪৭ সালে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মা সগুনা ছিলেন তার অন্যতমা সহযোগী। ১৮৪৮ সালে পুনের বিদেওয়াড়ায় বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসবে দায়িত্ব গ্রহণ করেন। ১৮৫২ সালের ১৬ই নভেম্বর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ফুলে দম্পতিকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।সবিত্রী ফুলেকে সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৮৮০ সালে জ্যোতি রাও ফুলে হান্টার কমিশনের বিশেষ পরামর্শদাতা হিসবে নিয়োজিত হলে মা সাবিত্রী ফুলে ভারতের সমস্ত মানুষের জন্য শিক্ষার দ্বার খুলে দেবার পরামর্শ দেন। হান্টার কমিশন এই প্রস্তাব গ্রহণ করে এবং পরবর্তী কালে তা ভারত শাসন আইনে গৃহীত হয়। ১৮৯৭ সালের ১০ই মার্চ প্লেগ রোগীদের মধ্যে কাজ করতে করতে তিনি মারা যান।

তাই ভারতবর্ষের সার্বজনীন শিক্ষার জন্য যদি কোন মহামানবীকে পূজা করতে হয় তবে অবশ্যই এই পূজা গ্রহণের যোগ্য অধিকারী মা সাবিত্রী ফুলে। এবং নবী দিবস আর সরস্বতী পূজা বাদ দিয়ে সব ধর্মের ছেলেমেয়েকে তাঁকে পূজা করতে উৎসাহিত করুন! 

অন্যথায় কোনো ধর্মীয় অনুষ্ঠানের জাষ্টিফিকেশন দিতে এলে আমি তাদের উপর উগ্র হিন্দুত্ব বা উগ্র মুসলমানিত্বের তকমা লাগাবোই ! এবং সেটা করতে তারাই আমায় বাধ্য করবে!! 







ঠিকানা যখন শ্বশুরবাড়ী






মেয়েদের জীবনে দুটো অধ্যায় থাকে। বিয়ের আগে এক অধ্যায়, বিয়ের পর শুরু হয় আরেক অধ্যায়। জন্ম থেকে যে জীবনে অভ্যস্ত মেয়েরা, সেই জীবন ছেড়ে নতুন ভাবে আলাদা জীবনে তাকে অভ্যস্ত হতে হয়। লাভ ম্যারেজ হোক বা এরেঞ্জ, মেয়েদের ই নিজের এতদিনের পরিবার, মা-বাবা, বোন-ভাই, চেনা পরিবেশ ছেড়ে আরেক পরিবারে গিয়ে উঠতে হয়। তারপর শুরু হয় পরিবর্তন আর মানিয়ে গুছিয়ে নেওয়া।

বাবার বাড়িতে থাকার সময় হয়তো বারমুডা আর শার্ট  অথমা পাজামা/কুর্তা/ট্রাউজারে থাকলেও কোনো মাথাব্যাথা ছিলো না, সেখানে স্বামীর বাড়িতে শাড়ী পরে পরিপাটি করে থাকতে হবে , রয়েসয়ে লাজলজ্জার আধহাত ঘোমটা টেনে থাকতে হবে। হাজার হোক বউ বলে কথা! যেটা বাবার বাড়িতে থাকতে পছন্দের খাওয়ার ছিলো না, কোনোদিন খায়ওনি, সেটাই হয়তো স্বামীর বাড়িতে খেতে হয়!! সকালে হয়তো দেরী করে ঘুম থেকে ওঠার অভ্যেস, সেখানে শ্বশুরবাড়ীতে ঠিক সময়ে আলো নিভিয়ে ঘুমোতে হবে, সকালে সবার আগে উঠতে হবে! রান্না করা হয়তো পছন্দের কাজ নয় বা বাবার বাড়িতে রান্না করতে হয়নি কখনো, শ্বশুরবাড়ীতে সকাল সন্ধ্যে সবার জন্যে রাঁধতে হবে, সবার পছন্দ অপছন্দ জানতে হবে! বন্ধুদের সাথে আড্ডা মারা কমে যাবে! যখন তখন ঘুরতে যাওয়া বন্ধ হয়ে যাবে। বাড়ীর বউদের আবার ওসব মানায় নাকি!!

অন্যদিকে স্বামী হিসেবে ছেলেদের শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই। বরং জামাই এর মন জুগিয়ে চলে পরিবারের সবাই। ছেলেটিকে তার মা-বাবা, পরিবার পরিজন ছেড়ে আসতে হয় না। কেউ ছেলেটিকে বলে না 'তুমি অন্যের সম্পদ, তোমার আসল ঠিকানা তোমার শ্বশুরবাড়ী! '  ছেলেদের জন্য শ্বশুরবাড়ী বেড়ানোর জায়গা!!

বিয়ের পর মেয়েদের নাম পরিবর্তন হয়, মিস থেকে মিসেস। ছেলেদের কিন্তু নাম আগের মতো একই থাকে। হিন্দু মেয়েদের শাখা সিঁদুর পরতে হয়, মুসলিম হলে নাকে নাকফুল, হাতে চুড়ি, গলায় চেইন পরতেই হয়। যাতে মানুষ বুঝতে পারে মেয়েটি বিবাহিত। ছেলেদের ওসব কিছুই পরতে হয় না। মেয়েরা স্বামীর মঙ্গলের জন্য শাখা সিঁদুর পরে, কিন্তু ছেলেদের বউয়ের মঙ্গলের জন্য কিছুই পরতে হয় না।হয়তো স্বামীরা বউয়ের মঙ্গল চায় না!!  কথায় আছে না, 'ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু ' !


নিজের নামই শুধু নয়,  সন্তানের নামের সাথেও মেয়েটির নাম যোগ হয় না! যোগ হয় স্বামীর নাম বা স্বামীর পরিবারের নাম। কি সুন্দর নিয়ম! দশ মাস দশ দিন পেটে ধরে যে সন্তানকে পৃথিবীর আলো দেখালো মেয়েটি, তার নামের সাথে নিজের নাম যোগ করার কোনো অধিকার থাকে না তার!!

 নিজের বাবার বাড়ীতে আসতে হলেও মেয়েটিকে শ্বশুরবাড়ীর অনুমতি  নিয়ে তবে আসতে হয়! অনুমতি যে সবসময় মিলে তাও নয়, আর যদি বা মিলে কদিন থাকবে সে দিনক্ষণ ও শ্বশুরবাড়ী থেকে ঠিক করে দেওয়া হয়! বেশীদিন বাবার বাড়ী থাকলে মেয়েটির দিকে ছুটে আসে নানা তীর্ষক মন্তব্য!! অথচ ছেলেটি কিন্তু তার ঘরেই থাকে, মা-বাবা, পরিবার পরিজনের সাথেই থাকে!

শ্বশুরবাড়ীতে সবার প্রতি খেয়াল রাখার দায়িত্বও অনিবার্য ভাবে মেয়েটির ঘাড়েই এসে পড়ে, কারন বউয়ের কাজ ই তো সবাইকে দেখে রাখা, সবার চাহিদার যোগান দেওয়া! যে ছেলেটি বড় হয়ে নিজ পরিবারের দায়িত্ব নিতে নিজে হিমশিম খায়, সেখানে কি করে জীবনের অর্ধেক সময় থেকে এসে অন্য ঘরের একটা মেয়ে সবার দায়িত্ব নিজের মাথায় তুলে নেবে?? সবার মন যুগিয়ে চলবে?? তার কতটুকু কষ্ট হয় সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে, সেকথা কি একবারও স্বামী কিংবা তার পরিবারের লোকজন বুঝতে চায়?? না, বুঝে না।

হাজার হাজৃর পরিবর্তনের সাথে মেয়েটিকেই প্রতিনিয়ত মানিয়ে চলতে হয়। সামান্যতম কোনো ভুল হলে তাকে কাঠগড়ায় উঠতে হয়।

কেউ বুঝে না, হঠাৎ করে অপরিচিত একটা জায়গায় গিয়ে সবকিছু মানিয়ে গুছিয়ে নেওয়া কতটা কষ্টের! নিজের ভিতর কতটা ঝড় বয়ে চলে প্রতিনিয়ত! কতটা একা মনে হয় মাঝে মাঝে মেয়েটির, সেটা ক্ষেত্রবিশেষে  স্বামীটিও বুঝতে চায় না!!

এই পৃথিবীর প্রত্যেকটা নিয়মই মেয়েদের বিপক্ষে বানানো! পুরুষরা একবার ভেবে দেখুন তো কেমন লাগে জীবনের একটা বয়সে নিজের ঘর ছেড়ে অন্য একটা ঘরে গিয়ে অন্যদের মতো নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে!! অন্যদের মনমর্জি মতো চলতে, না চললে তীর্ষক মন্তব্য শুনতে?

সোমবার, ৬ মার্চ, ২০১৭

প্রসঙ্গ আন্তর্জাতিক নারীদিবস ও নারীর পারিবারিক/সামাজিক অবস্থান



৮ই মার্চ , আর্ন্তজাতিক নারী দিবস। নারীর সংগ্রামের ইতিহাসে বোনা এই আন্তর্জাতিক নারী দিবস। নারীর অর্জন, অগ্রযাত্রার প্রতীক এই নারী দিবস। প্রতিবছর নারীদিবসে জাতিসংঘের একটি থিম থাকে। এবছর ও তার ব্যতিক্রম নয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘের থিম হলো - 

‘Be Bold for Change!
Be Bold! Be the Change!'

আমাদের দেশে দিবসটি এমন একসময় উদযাপিত হচ্ছে যখন নারী নির্যাতন বিশেষ করে নারীর প্রতি সহিংসতা দেশের আনাচে কানাচে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সমীক্ষা ও ন্যাশনাল ক্রাইম রের্কড ব্যুরো'র রিপোর্ট বলছে-

* নারী পাচার, যৌন নির্যাতন,শিশুবিবাহ, অনার কিলিংস এর হারে আমাদের দেশ পৃথিবীর মধ্যে চতুর্থ।

*প্রতি বছর ১২ হাজারেরও বেশী মেয়েকে পণ দিতে না পারার কারণে হত্যা করা হয়।

* প্রতি ৫৪ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়।

* প্রতি ২৬ মিনিটে একজন নারী শ্লীলতাহানীর শিকার হয়।

* প্রতি ৪৩ মিনিটে একজন নারী অপহরণ হয়।

* প্রতি ৫১ মিনিটে একজন নারী ইভ-টিজিং এর শিকার হয়।

* প্রতি ১ ঘন্টা ৪২ মিনিটে যৌতুকের জন্য নির্যাতনে একজন নারীর মৃত্যু হয়।

* প্রতি ৭ মিনিটে একজন নারীর প্রতি অন্যায় হয়।


আমাদের দেশে প্রায় প্রতিটা মেয়ে তাঁর জীবনে কোন না কোন সময় যৌন হেনস্তার শিকার হয়, সে টিজিং হোক, পারিবারিক হিংসা হোক, চাইল্ড এবিউজ হোক, বাসে ট্রেনে শ্লীলতাহানী হোক বা অশ্লীল কমেন্ট ! 

শুধু ধর্ষন বা শ্লীলতাহানি নয়, জীবনের প্রতিটা পদক্ষেপে মেয়েরা নানাধরনের নির্যাতনের শিকার। কোন অন্যায়, ভুল  না করলেও প্রায় সবক্ষেত্রেই মেয়েরা শাস্তি পায়। মা-বাবা যৌতুক দিতে না পারলে পুড়ে মরতে হয় তাকে, ছেলে সন্তান না হলে অত্যাচার সইতে হয় তাকে, দেখতে কালো হলে ঘরে বাইরে মানসিক, অনেক ক্ষেত্রে শারীরিক নির্যাতন সইতে হয় তাকে, দেখতে সুন্দর হলেও তার রেহাই নেই, বিধবা/ডিভোর্সী হলেও তাকে সামাজিক এবং পারিবারিক নির্যাতন সইতে হয়, স্বামীর চেয়ে বেশী যোগ্য হলেও তার রেহাই নেই!! বখাটে প্রেমিককে পছন্দ না করলে এসিড ছোঁড়া হবে তার উপর অথবা ধর্ষিত হতে হবে তাকে, স্বামীর অত্যাচারে বাধা দিলে/স্বামীকে ডিভোর্স দিতে চাইলে/স্বামীকে ২য়, ৩য় বিয়ের অনুমতি না দিলে, এই সমাজ , পরিবার তাকে 'নষ্টা', 'বেশ্যা' উপাধি দেবে, ভাত দিতে দেরী হলেও মার খেতে হয় তাকে এখন ও! প্রত্যন্ত অঞ্চলের পুরুষ রা এই শতাব্দীতে এসেও ভাবে, স্ত্রীকে অনুগত রাখতে হলে তাদের মারতে হয়, শক্ত হাতে দমন করতে হয়, নাহলে তারা মাথায় উঠবে! হাজার অত্যাচার হলেও মা-বাবা চায় না তাদের মেয়ে ঐ অত্যাচারী স্বামীটিকে ডিভোর্স/তালাক দিক! কারন ডিভোর্সী মেয়েদের সমাজ খুব ছোট চোখে দেখে! এমনিতেই আমাদের দেশে মেয়েদের ভালো বিয়ে হওয়া সহজ নয়, তার উপর ডিভোর্সী হলে ঐ মেয়ের ভরন পোষনের দায় কে নেবে? বাবা? ভাই?  তাই স্বামী বা তার পরিবার যতই অত্যাচার করুক মেয়েটিকে মুখ বুজে সব সইতে হবে! 

মাথার উপরে কোনো পুরুষ মানুষ(বাবা/ভাই/স্বামী/ছেলে) না থাকলে আমাদের সমাজে মেয়েরা আরো বেশী নির্যাতনযোগ্য হয়ে চায়! একলা মেয়ে মানেই ধর্ষনযোগ্যা, তার সাথে যা খুশী করা যায়!  

নারীর প্রতি গোটা পুরুষকুলের চিন্তা/ দর্শনটাই হলো, ভোগ্য পণ্য, যৌন বস্তু !!  এর বাইরে তারা মেয়েদের ভিন্ন কিছু ভাবে না। ভাবতে চায় ও না। আর ওই ভাবনা/চিন্তাটাই ভয়াবহ। একে শেকল পরিয়ে রাখা যায় না। আইন দিয়েও বেঁধে রাখা যায় না। আর এই ভাবনাটাকে ছোট থেকে একটা শিশুর মনে গেঁথে দেয় তার পরিবার, সমাজ। একটি ছেলেকে মেয়েদেরকে ‘মানুষ’ না ভেবে তার অধীনস্ত নীচু শ্রেণীর ফালতু জীব ভাবতে শেখায় তার পরিবার, সমাজ। অবাক হচ্ছেন? ভাবছেন পরিবার, সমাজ কি করে শিশুকে নারী নির্যাতনকারী বানায়? চলুন দেখা যাক কিভাবে কেন, কখন, একটা ছেলেশিশু ধীরে ধীরে নারী নির্যাতনকারী হয়ে ওঠে এবং মেয়ে শিশুটি নিজেকে হীন, অবলা, দুর্বল ভাবতে শেখে - 

● কোন শিশু জন্মের পরেই বুঝতে পারে না সে নারী না পুরুষ। পারিপার্শ্বিক বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে নারী বা পুরুষ হিসাবে গড়ে তোলা হয়। মেয়েদের গণ্ডিবাঁধা অচঞ্চল চোখমুখ, লজ্জা, নির্ভরতা, ভীতু, স্বল্পভাষী ও নিচুকণ্ঠের শিক্ষা দেয়া হয়। আর পুরুষকে দেয়া হয় দুঃসাহস, দম্ভ, ক্রোধ এবং চাঞ্চল্যের। ছেলেগুলোকে শেখানো হয় ছেলেদের কাঁদতে নেই। ছেলেদের শক্ত হতে হয়। ছেলেদের আবেগী হতে হয় না। শুধু রূঢ়তাতেই পৌরুষের পূর্ণতা। আর যদি বা কখনো কোনো ছেলে এর উল্টো স্বভাবের হয়, তবে সে হয়ে যাবে “হাফ লেডিস”। মেয়েরা টমবয় হতেই পারে, কিন্তু ছেলেরা হাফলেডিস? অসম্ভব। বিলকুল নেহি! হায় হায়! ছেলে হয়ে তুই “লেডিস”? হাফ লেডিস? লেডি হওয়া কতোই না লজ্জার! শান্ত স্বভাবী পুরুষটাকে বলা হয় মেনীমুখো পুরুষ, স্ত্রৈন, হাদা ইত্যাদি ইত্যাদি।

●  ছোটবেলা থেকেই শিশুরা পরিবার, প্রতিবেশী, স্কুল, শিক্ষক, সমাজ – এদের থেকে একটু একটু করে শেখে যে মেয়েরা কোনমতেই মানুষ নয়, মেয়েমানুষ। শিশুরা তাদের সামনে করা বড়দের নানা ব্যবহার এবং আচরন থেকে এমন ধারণা পায়। তাই পরবর্তীতে সেও বড়দের মতই হওয়ার চেষ্ঠা করে।

● মা/মেয়েরা বাড়ীর কাজ করে। এবং তারা যত কাজই করুক, সে কাজের কোন পারিশ্রমিক পায়না। আর মা যেহেতু  টাকা আয় করেনা, তাই মায়ের কাজের কোনো দাম নেই। কাজ করা বাবার হাবভাব দেখেই শিশুদের মনে এই ধারনা পাকাপোক্ত হয়। 

● রোববার ছুটির দিনে বাবা বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, টিভি দেখে, আরাম করে। আর মা সেদিন বাবার আরামের বিশেষ খেয়াল রাখে, ভালমন্দ খাবারের ব্যবস্থা করে, তার কাপড় কেচে দেয়। রোজ কাজ থেকে ফিরেও বাবা আরাম করে।মায়ের ছুটি থাকতে নেই, আরাম, বিনোদন থাকতে নেই। কারণ মা তো সারাদিন বাড়ীতে বসে বসে আরামই করে, পরিবারের বড়দের হাবেভাবে এটাই প্রকাশ পায়, এটাই ছোটরা শেখে।

● নাটক, সিনেমা, খবরে প্রতিনিয়ত শিশুরা দেখে যে, মেয়েরা আক্রান্ত হয়, যার কোনো প্রতিকার হয় না। অর্থাৎ মেয়েদের প্রতি অন্যায় করে পার পাওয়া যায়। পুরুষ দোষ করলেও সমাজ মেয়েদেরকেই দায়ী করে।

●  সব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাবা নেন। তার মতই সব। মায়ের মত গুরুত্বহীন। তাই শিশুরা ধরেই নেয়, বাবার বুদ্ধি বেশী, মায়ের বুদ্ধি কম। মেয়েমানুষের বুদ্ধি কম, এটা পরিবার-সমাজে সবাই জানে, মানে। তাই মেয়েদের মতের কোন দাম দেয়া হয়না।

● বাবা মালিক, মা চাকর। বাবাকে না খাইয়ে মা খায়না, খেতে পারেনা। সব ভাল খাবার বাবা, ছেলে, বাড়ীর গুরুজনদের দিয়ে তারপর মেয়েদের দেয়। সবার খাওয়া হয়ে গেলে মা নিজে হাসিমুখে যা থাকে তাই খায় বা কখনও কখনও বাসি বা উচ্ছিষ্ট খাবার খায়। মায়েরা কখনোই একসাথে খায়না। সবার জামাকাপড় কিনে তারপর মায়ের জন্য কেনে। 

● মা বাচ্চাকে বলে, “এটা কর বা ওটা করোনা, বাবা রাগ করবে।” ফলে শিশু বোঝে, পরিবারে পুরুষরাই শ্রেষ্ঠ, তার কথাই শেষ কথা।

● ডিভোর্স হয়েছে শুনেই বলা হয় নিশ্চয় মেয়ের দোষ, রেপ হয়েছে শুনেই বলা হয়, নিশ্চয় খোলামেলা পোষাক পরেছিল, স্বামী মেরেছে শুনেই বলে মারতেই পারে, সে তো স্বামী, দোষ না করলে এমনি মারে? ফলে মেয়েরাও মেনে নেয় যে তার প্রতি নির্যাতন হওয়াটাই স্বাভাবিক। সেটাই ন্যায্য।

● ছোটবেলা থেকেই সব ভাল জিনিসটা বরাদ্দ থাকে ছেলেদের জন্য। সবসময় ছেলের সুবিধার কথা আগে ভাবা হয়, পরে মেয়েদের। যত্ন ও ভালবাসাও ছেলের জন্যই বেশী। ফলে মেয়েরা নিজেদেরকে ছেলেদের তুলনায় কম কাঙ্খিত ও কম গুরুত্বপূর্ণ ভাবতে বাধ্য হয়।

● সব খারাপ বা নেতিবাচক ঘটনার জন্য মেয়েদেরকে দায়ী করা হয়। যেমন- সন্তান ফেল করলে, বখে গেলে, দোষ করলে, ভুল করলে, প্রেম করলে, চুরি করলে, তার দায় মায়ের। কারণ বাবা আয় করেন, তাই বাকী আর কিছু সে করবেনা। সন্তান লালন-পালন, পড়াশোনা, সব দায় একা মায়ের।  শিশুরা এসব দেখে দেখে মেয়েদের অশ্রদ্ধা করতে শেখে। ছেলে শিশুরা নিজেদেরকে বাবার মত ক্ষমতাধর ভাবতে শেখে আর মেয়েরা নিজেদেরকে দূর্বল, পরনির্ভরশীল ও হেয় ভাবতে শেখে।

● ছোটবেলা থেকে মেয়েদেরকে বিয়ে করে সংসার করার জন্য তৈরী করা হয়। তারা পড়াশুনা, চাকরী, রূপচর্চা, শরীর ঠিক রাখা- এসবই পুরুষের জন্য করে যাতে তার ভাল বিয়ে হয়। অর্থাৎ মেয়েদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল ভাল বিয়ে হওয়া। নিজেকে স্বাধীন সত্ত্বা হিসেবে প্রতিষ্ঠিত করার কোন চেষ্টাই সে করেনা। কারণ সে জানে, একা সে টিকতে পারবেনা, তাকে টিকতে দেয়া হবেনা।

● মেয়েরা ধর্ষিত বা শারীরিক ভাবে নির্যাতিত হলে গোপন করে রাখা হয় বেশীরভাগ ক্ষেত্রে। কারণ মেয়েটিকেই সবাই অস্পৃশ্য মনে করবে, তার ভাল বিয়ে হবেনা, তার পরিবারের বদনাম হবে। অথচ যারা অন্যায় করল, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ হয়না। এটাও নারীকে মানসিকভাবে ছোট ও দূর্বল ভাবতে শেখায়। পুরুষ রেপ করলে, পতিতালয়ে গেলে, পরকীয়া করলে, প্রেমিকার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করলেও তার কিছু হয়না, তাকে কেউ কিছু বলেনা। দিব্বি আবার বিয়ে করতে পারে, তার মান এতটুকু কমেনা। কিন্তু মেয়েরা সমাজের চোখে একবার নষ্টা খেতাব পেলে তার বেঁচে থাকা দায় হয়ে যায়।


● শিশুরা ছোটবেলা থেকে দেখে,  বাবা অনেকসময় মাকে মারে, গালি দিতে পারে। কিন্তু মা কখনোই বাবাকে মারে না, সেটা পারেনা। মা গালি বা মার খেয়েও আবার সংসার করে। বাবার কোন আচরণকেই অন্যায় মনে করা হয়না। তাই বাবার মর্যাদা বেশী, মায়ের কম। শিশুরাও দেখে শেখে, মা'দের, মেয়েদের মারতে বা বকতে হয় মাঝে মাঝে, এবং  এটা একমাত্র বাবাদেরই অধিকার।

● ছোটবেলা থেকেই ছেলেদের দ্বারা আক্রান্ত হবার ভয়ে বা প্রেমে পড়ার ভয়ে ছেলেমেয়েকে অভিভাবকরা একসাথে রাখেনা। আলাদা খেলা, আলাদা শোয়া, আলাদা খাবার, আলাদা সুবিধা, আলাদা স্কুল, কলেজ। এমন কি একই স্কুলের ক্লাসেও ছেলে-মেয়ে আলাদা আলাদা বেঞ্চে বসে।
আর একসাথে রাখেনা বলেই মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ, লোভ, আগ্রহ কমেনা। এটা প্রতিষ্ঠিত সত্য যে, গোপন ও অসহজলভ্য কোনকিছুর প্রতি মানুষের কৌতুহল, আগ্রহ সবচেয়ে বেশী।

● পুরুষরা কাজ বা চাকরি শেষে বাড়ী ফিরে আরাম করে, বৌ-মেয়ে-বোন-মা তার সেবা করে, কারণ সে সংসার চালানোর জন্য টাকা আনে। এটাই দেখেই একটা ছেলে শিশু এবং মেয়ে শিশু বড় হয়। ফলত সে ভাবে সংসারে পুরুষের গুরুত্ব নারী থেকে বেশী। 

● মেয়েদেরকে একা কোথাও যেতে দেওয়া হয়না, সন্ধ্যার পর বাইরে যেতে বা থাকতে দেয়া হয়না, ভীড়ে একা ছাড়া হয়না, ছেলেদের সাথে মিশতে দেয়া হয়না, সব পরিবেশে যেতে দেওয়া হয়না, সব কাজ করতে দেয়া হয়না ইত্যাদি। অর্থাৎ মেয়েরা আক্রমণযোগ্য প্রাণী। যেকোন সময় যেকোন পুরুষ দ্বারা সে  আক্রমনিত হতে পারে, এই ভয় তার মনে বদ্ধমূল করে দেয়া হয় বলে সে নিজেকে দূর্বল ভাবে, ভয়ে ভয়ে সাবধানে চলে এবং নিজেকে গুটিয়ে রাখে।

● বাবা, ভাই, স্বামী বা ছেলে, কোন না কোন পুরুষ মেয়েদের পরিচালিত হতে হয়। নিজের ইচ্ছামত সে কিছু করতে পারেনা। সে কি করবে, কি করবেনা, সেটা সে নিজে সিদ্ধান্ত নিতে পারেনা, নিতে দেওয়া হয়না। তার জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় পুরুষ। ফলে শিশুরা মেয়েদেরকে পরনির্ভরশীল বা পুরুষের পরগাছা ভাবে, কখনোই স্বাধীন সত্ত্বা ভাবতে পারেনা।

● যেকোন বয়সী পুরুষ খুব সহজে দ্বিতীয় বিয়ে করতে পারে। কিন্তু মেয়েরা পারেনা, বিশেষ করে সন্তান থাকলে তো কথাই নেই।

● বিয়ের পর মেয়েদের নাম পরিবর্তন হয়,মিস থেকে মিসেস। অথচ ছেলেদের কিন্তু মিস্টারই থাকে। শুধু কি নিজের নাম? সন্তানের নামের সাথে যোগ করতে হয় স্বামীর পরিবারের নাম। কপালে পরতে হয় সিঁদুর, হাতে চুড়ি, নাকে নাকফুল, গলায় চেইন। যাতে তাদের বিবাহিত লাগে। ছেলেদের ওসব কিছুই পরতে হয় না। বিয়ের পর স্বামীরা বউদের অধীনে যায় না, যায় না বলেই তাদের শরীরে বাড়তি কিছু নেই। বউরা স্বামীর অধীনে যায় বলেই তাঁকে পরিবার ছেড়ে উঠতে হয় স্বামীর বাড়িতে। পরিবারের সকলের খেয়াল রাখার দায়িত্ব মেয়েটির, কারন “বউয়ের কাজ সবাইকে দেখে রাখা”। তাকে সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে। অপরদিকে জামাই হিসেবে ছেলেদের অন্য বাড়িতে গিয়ে মেনে নেওয়ার পর্ব নেই। বরং তার মন জুগিয়ে চলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে, যেহেতু সে জামাই। তাকে তার বাবা-মা ছেড়ে আসতে হয় না। তাকে কেউ বলে না, তুমি পরের আমানত, তোমার আসল ঠিকানা তোমার শ্বশুরবাড়ি। ছেলেদের জন্য শ্বশুরবাড়ি বেড়ানোর জায়গা, মেয়েদের জন্য আসল ঠিকানা। এসব কিছুই ঘটে সবার চোখের সামনে। কেউ কোনো আপত্তি করে না! মেয়েটি সবকিছু মানিয়ে নিতে শেখে, আর ছেলেটি শেখে হুকুম চালানো।

●আমাদের দেশের 98% মা-বাবা নিজে এবং মেয়েটিকেও ভাবতে বাধ্য করান বৈবাহিক জীবনের পূর্ব শর্তই হল যেনতেন ভাবে নিজেকে কুমারী প্রমান করা !!
ছেলেদের সতীত্ব পরিক্ষা নিতে কেউ আসে না। প্রয়োজন ও পড়ে না।

এই ক্রনিক বা সিস্টেমেটিক অর্ডারে খুব সুচারু ভাবে সমাজে ছড়ানো হয় জেন্ডার বৈষম্য !

একটা শিশু কিন্তু জন্মের পর বুঝতে পারে না সে নারী না পুরুষ। পরিবার এবং সমাজ ই তাকে ধীরে ধীরে পুরুষ বা নারী করে গড়ে তুলে। যে সমাজে আমরা বাস করি তা নিতান্ত ইতর, অসভ্য ও অমানবিক। এখানে মানুষের মূল্য নেই, নেই মানবিকতার মূল্য। এখানে মানুষের চেয়ে ‘লিঙ্গ’ বড় ও প্রধান হয়। ছোটোবেলা থেকে নিজের শিশুটিকেও এই লিঙ্গ শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়। তাই মা-বাবারা, প্লিজ নিজের শিশুটিকে শেখান বিপরীত লিঙ্গের মানুষকে শ্রদ্ধা কীভাবে করতে হয়! আপনার শিশুটিকে ছেলে-মেয়ের গৎবাধা নিয়ম থেকে বেরিয়ে মানুষ হিসেবে বড় করে তুলুন! এই সংস্কার কাজে প্রত্যেকটা পরিবার ও সমাজ এখনই মনোনিবেশ করলে আগামী দুই/তিন প্রজন্মের বেড়ে ওঠার মধ্যদিয়ে ইতিবাচক সমাজের দেখা মিলতে পারে। 

আর মেয়েদের বলছি, তুমি জন্মেই নারী নও, তাই লাজ-লজ্জার ঘেরাটোপ পেরিয়ে তুমি মানুষ হয়ে ওঠো। লড়াইটা তোমার এবং তোমাকেই লড়ে যেতে হবে। পরিবর্তন আনতে হলে এই তোমাদেরই জাগতে হবে। একে অন্যের পাশে থাকতে হবে। অনেকভাবে ভাবতে হবে, দেখতে হবে, দেখাতে হবে।আর কত বছর বোকার মতন নিজেদের বঞ্চিত ভাবা? সাহসী হতে হবে নিজেদের কথাগুলো বলার জন্যও ,মনের কথা মনে রেখে দিলে প্রতিকার যেমন হবে না, তেমনি প্রকাশিত হবে না ‘পুরুষতান্ত্রিক দানব রূপটি! তাই সাহসী হও , গোপন করা নয়, লজ্জা নয়, ভয় নয়, খুলে বলো মনের সব কথা।

এবার নিজেকে বলো মেয়ে, 

‘Be Bold for Change!
Be Bold! Be the Change’।











শনিবার, ৪ মার্চ, ২০১৭

 পুরুষতান্ত্রিক ধর্মে নারী 
____________________






কদিন আগে আমার মেজদি ফেইসবুকে  একটা পোষ্ট দিয়েছিলো যে -   "ইসলাম ধর্ম একজন পুরুষকে যদি চার বিয়ে করার সম্মতি দেয় তাহলে মহিলাকে চার বিয়ে তো ছাড়ুন দু বিয়ে করার জন্য কেন নিষেধাজ্ঞা প্রদান করে???"

তো কিছু জানোয়ারের শীৎকার ছাড়া, পোষ্টে আরো যারা কমেন্ট করেছিলেন তাদের বেশীরভাগের মোদ্দা কথাটা হল, যে একটা মেয়ে যদি চার বিয়ে করে তবে তার সন্তানের বাবার পরিচয় কি হবে? তাইজন্য নাকি মেয়েদের চার বিয়ের নিয়ম নেই!! অথচ তারা একবার ও বলছে না যে ছেলেদের চার বিয়ে করাটা কুপ্রথা, এটা লুপ্ত হওয়া প্রয়োজন! তারা বলতে চাইছে, তারা পুরুষ, তাই তাদের ই একমাত্র অধিকার আছে সন্তানকে  জন্মপরিচয় দেওয়ার, একা মা'র সেই অধিকার নেই!! আর নৈতিক দিক থেকে থাকলেও পুরুষতান্ত্রিক সমাজের কর্তা হয়ে আমরা  সেটা মানবো  কেন!! 

এখন আমার প্রশ্ন হল, প্রথমত, বিয়েটা কি শুধু সেক্স আর সন্তান জন্ম দেওয়ার বৈধ মাধ্যম?? আমি ব্যাক্তিগত ভাবে এটা না মানলেও, আপনাদের কথায় যদি ধরেও নেই যে বিয়েটা তা ই, তাহলে আপনার বিয়ের ছ-মাস, একবছর পর যদি বউ এর প্রতি যৌনচাহিদা কমে যায়, এবং অন্য কচি নারীর প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিয়ে করেন, তাহলে একজন নারী কেন একই কারনে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে না? তার ও তো যৌন চাহিদা আছে, আপনাকে তার আর ভালো নাও লাগতে পারে? যেরকম আপনার হয় সেরকম আপনার বউ এর ও হতে পারে ! তাতে আপনার এত ফাটে কেন??  

দ্বিতীয়ত, আজকাল সন্তান মানুষ করতে বাবার প্রয়োজন হয় না, বাবার পরিচয় ছাড়াও অনেক শিশু দিব্যি বেঁচে থাকতে পারে, লেখাপড়া শিখে নিজের পায়ে দাড়াতে পারে। পশ্চিমা বিশ্বে তার ভুরি ভুরি উদাহরন আছে। এদেশে ও  অনেক উদাহরন আছে। পৌরানিক কাহিনী রামায়নেও আছে। সীতা কিন্তু রামের নাম-পরিচয় ছাড়াই তার দুই পুত্র লব আর কুশকে  মানুষ করেছিলেন। স্বামীর পরিচয় বা সন্তানদের বাবার নাম তার দরকার পড়েনি। স্বামী রামের কোনো ধরনের সাহায্যের ও প্রয়োজন হয়নি তার। অথচ আপনাদের সমাজ কখনো সীতার এই সাহসী মনোবলের কথা বলে না!!  লুকিয়ে রাখে তার নীরব প্রতিবাদের কথা। এবং  সীতার সকল গুনকে গুম করে নারীদের আত্মত্যাগের পাঠ শেখাতে আসে এবং অগ্নিপরীক্ষায় অনুপ্রেরিত করে !! এই সমাজের মেয়েরা কিন্তু বারবার প্রমান করেছে পুরুষ ছাড়াও তারা সন্তান লালন পালনে সক্ষম । সন্তানকে  বড় করে তুলতে, শিক্ষাদীক্ষার ক্ষেত্রে তাদের কোনো পুরুষের সাহায্যের দরকার পড়ে না! অথচ, মা ছাড়া সন্তানকে লালন পালন করা পুরুষের সংখ্যা কিন্তু সে তুলনায় নগন্য! 

আমার প্রচন্ড লজ্জা হয়, এই সমাজকে দেখে প্রচন্ড লজ্জা হয় ! এই শতাব্দীতে এসেও যে সমাজের পুরুষেরা ভাবে একটা শিশু বাবার পরিচয় ছাড়া বড় হতে পারে না! যে পুরুষশাসিত সমাজ বেজন্মা, জারজ এই শব্দগুলোর সৃষ্টি করেছে! নিজেকে সেই সমাজের অংশ ভাবতে আমার সত্যি লজ্জা হয়! এই পুরুষ শাসিত সমাজ ই কিন্তু নিয়ম করেছে বাবা ছাড়া সন্তানের জন্মপরিচয় থাকে না, মায়ের পরিচয়ে সন্তান বড় হতে পারে না!!  জমির মালিক যেহেতু পুরুষেরা, তাই তাদের উত্তরাধিকারী নির্বাচনের এটাই ছিল একমাত্র হাতিয়ার! এবং নারী তার শিকার!  কোন নারী কিন্তু কখনো বলেনি পুরুষ ছাড়া সে সন্তান লালন পালনে অপারগ! 

তাই আপনারা যারা বলছেন নারী চার বিয়ে করতে পারবে না কারন তার সন্তানের জন্মপরিচয় পাওয়া যাবে না, তাদের বলছি, একজন মা , বাবার পরিচয় ছাড়াও নিজের সন্তানকে মানুষ করতে পারে স্বচ্ছ্যন্দে। কিন্তু কখন করতে পারে না জানেন? যখন আপনারা সেই মায়ের উপর সমাজের আপনাদের ই বানানো নিয়ম চাপিয়ে দেন এবং সেই মায়ের সন্তানকে জারজ আখ্যা দেন!! 

আপনারা যদি চার বিয়ে করতে পারেন, একজন নারীর ও সম্পূর্ন অধিকার আছে চার বিয়ে করার এবং একসঙ্গে চার স্বামী রাখার! আপনারা আগে নিজের মুখে বলুন এটা কুপ্রথা, এবং চার বিয়ে করা বন্ধ করুন! তারপর বরং উপদেশ দিতে আসবেন..! শুনলেও শুনতে পারি! নাহলে ঘাটের মড়ার মত এ ঘাটে, ও ঘাটে ভাসতেই থাকবেন!  বেহেস্তে হুর পরীর সাথে সেক্স করার আশায় থাকা হে আম জনতা, নিজেদের দৃষ্টিভঙ্গী পাল্টান, দেখবেন পৃথিবীটাকেই নতুন লাগছে! 


আজ থেকে প্রত্যেকটা শিশু বেড়ে উঠুক তার মায়ের পরিচয়ে!! এরকম হলেই হয়তো ঐ শিশুটি বড় হয়ে তার মা এবং মা জাতিকে সম্মান করতে শিখবে!! কোনো মেয়েকে  খানকি, মাগী, বেশ্যা, পতিতা এই শব্দ গুলো বলতে তার নিজের মুখে আটকাবে! 
পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারী
------------------------------------------------------------





মেয়েটি দশম শ্রেনীতে পড়তো। না, তার সাজপোশাকে তথাকথিত উগ্রতা ছিল না। বড়লোকি দেমাগ দেখিয়ে কাউকে কখনও ‘উস্কানি’ও দেয়নি। আপনাদের পুরুষতান্ত্রিক সমাজের বেঁধে দেওয়া ‘শান্ত-ভদ্র’ চলন ছিল তার। কিন্তু তাতে কী? তার সবেচেয় বড় ‘অপরাধ’, সে ছিল মেয়ে। তাকে ‘ভোগ’ করা যায়, ধর্ষণ করা যায়। হায়েনার মতো ঝাঁপিয়ে পড়া যায়। ধর্ষনের পর তার খুন হওয়া রক্তাক্ত দেহ ফেলে রাখা যায়! 

এই সমাজব্যবস্থায় বেশীরভাগ পুরুষের কাছে মেয়েদের শরীর একটি মাংসপিন্ড, সেক্স অবজেক্ট।এবং এই একটি কারনেই একজন পুরুষ ৫ বছরের শিশুকেও ধর্ষণ করতে পারে, কারণ তার বয়স যাই হোক, সে একটি মেয়ে,  তার শরীরে একটি যোনী আছে, জরায়ু আছে। যৌনতার জন্য একজন পুরুষের একটি যোনী হলেই চলে, জরায়ু হলেই চলে। তার বয়স দেখা লাগে না, সম্পর্ক দেখা লাগে না, প্রেম দেখা লাগে না, সময় দেখা লাগে না, সমাজ, বিবেক কিছুই লাগে না।


মেয়ে মানে টিয়া পাখি, ময়না পাখি, মেয়ে একই সঙ্গে ডাইনী এবং দেবী। কুৎসিত পুরুষদের একমাত্র গন্তব্য মেয়েদের অন্তর্বাস আবৃত স্থানসমূহে। এসব অন্তর্ভেদী দৃষ্টির জন্য নারীকে পড়তে হবে বোরকা, পড়তে হবে হিজাব পড়তে হবে পুরুষ কর্তৃক সুপারিশকৃত সকল পোশাক। তবুও সেই অন্তর্ভেদী দৃষ্টি ঠিকই খুঁজে নিবে মেয়েটির গোপনীয় সব অঙ্গ।মেয়েরা ধর্ষিত হবে হিজাবের দেশে, মেয়েরা ধর্ষিত হবে হিজাব না থাকা দেশে, মেয়েরা ধর্ষিত হবে সর্বত্র। তারপর সতীত্বহানির অপরাধে দেওয়া হবে ২৪০ বেত্রাঘাত, সমাজের সম্মান রক্ষার্থে তাকে হত্যা করতে হবে।তার যৌনাঙ্গে রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, পাথর ছুড়ে ছুড়ে হত্যা করতে হবে।

মেয়েদের জন্য এই পৃথিবীতে কোন নিরাপদ স্থান নেই।স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল, লিফ্ট, আদালত, এমন কি থানা হাজতও মেয়েদের  জন্য নিরাপদ আশ্রয় নয়। আকস্মিক লোকালয়ে চলে আসা একটি হিংস্র পশুও কখনো এতোটা অনিরাপদ নয়, যতোটা এই সমাজব্যবস্থায় মেয়েরা। 

মানুষের সমাজে নারী শূদ্র , পুরুষ ব্রাহ্মণ। লঘু পাপে মেয়েটির মুখে এসিড পড়বে আর গুরু পাপে মেয়েটির যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয়া হবে।মেয়েটি ধর্ষণের দৃশ্য ছড়িয়ে দেয়া হবে ইন্টারনেটে, দোকানে দোকানে চড়া দামে বিক্রি হবে। কিনবে সেই পুরুষরাই। ঘরে বসে রগরগে উত্তেজনা অনুভব করতে! নিজেকে পুরুষ প্রমাণের জন্য মেয়েদের সাথে এমন না করলে পুরুষাঙ্গের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাকি !? 

আমাদের দেশে শুধু ব্যক্তিই নারীকে ধর্ষণ করে না, সমাজও উঠতে-বসতে করে৷ ‘Indian Army Rape Me' বা পুরুষকে ‘ধর্ষণ করো' বলে নারী কিন্তু আগেই সচেতনতা বাড়ানোর অসহায় অভিযানে নেমে তা আমাদের
জানিয়েছে৷ সবচেয়ে ভয়ঙ্কর , আমাদের দেশে এক দল মানুষ ধর্ষণ করে, আরেক দল মানুষ চুপ থেকে ধর্ষণকারীদেরই সমর্থন যোগায়। ধর্ষণের ঘটনাগুলোতে যখন সামাজিক প্রতিরোধ গড়ে ওঠে না, একজন ধর্ষণ করে আর অন্যরা যখন নীরব থাকে কিংবা ধর্ষকের পক্ষে যাবতীয় যুক্তি আর সমর্থন নিয়ে দাঁড়িয়ে যায় #not_all_men সাইনবোর্ড নিয়ে,  তখন তাকে সামাজিক ধর্ষণ ছাড়া কী বলা যায়? 

নারী নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ- করে পুরুষরা।তাই এসব বন্ধ করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে পুরুষদেরই।সংশোধিত হতে হবে আগে তাদেরকেই।মানুষ হতে হলে ‘মনুষ্যত্ব’কেই ঊর্ধ্বে তুলে ধরতে হবে, লাম্পট্যকে নয়। এটা মানবতার দায়।আর তা না করলে প্রকাশ্যেই ঘোষণা করুন আজ থেকে: "আমরা পুরুষ, আমরা ধর্ষণ করি" - এবং ধর্ষক হিসেবেই  নিজেদের পরিচয়কে আরো পাকাপোক্ত করুন!!


একটা কথা জানেন তো, আমাদের পিঠে একটা হাড় আছে, যেটাকে আমরা মেরুদণ্ড / স্পাইনাল কর্ড বলি।যেটা ছাড়া মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাই দয়া করে খেয়াল রাখুন এতোটাই না আবার কুঁজো হয়ে যান, যাতে কোমরের নিচ থেকে যে পুরুষত্ব মাপেন আপনারা, সেই কোমর নাড়ানোরও শক্তি আর না থাকে!!!!!!

দেশদ্রোহী কারা?



"শালা আমাদের ট্যাক্সের টাকায় পড়বে আর দেশের নামে গদ্দারি করবে?
মারো সালে কো।
পিটো সালে কো।
ফাঁসি পে লটকা দো চুতিয়া কো।
ভারতমাতা কী জয়!
বন্দে মাতরম্।"

আমার পরিচিত বন্ধু, অবন্ধু, শত্রু, কলিগ, সর্বোপরি আমজনতা, দেশপ্রেম আর দেশদ্রোহের দ্বন্দ্বে উত্তাল বিগত কয়েকদিন থেকে। কিছু মনগড়া ধারণা আর কিছু মিডিয়ার খাওয়ানো খবরের ভিত্তিতে তারা তৈরি করছেন তাদের নিজস্ব মতবাদ/দেশপ্রেম,দেশদ্রোহী থিয়োরী। 

রবীন্দ্রনাথ তাঁর ‘আত্মপরিচয়’ গ্রন্থে লিখেছিলেন, " মানুষের হাতে দেশের জল যদি যায় শুকিয়ে, ফল যদি যায় মরে, মলয়জ যদি বিষিয়ে ওঠে মারীবীজে, শস্যের জমি যদি হয় বন্ধ্যা, তবে কাব্যকথায় দেশের লজ্জা চাপা পড়বে না। দেশ মাটিতে তৈরি নয়, দেশ মানুষে তৈরি।” 

দেশপ্রেম মানে তো দেশবাসীর প্রতি প্রেম। শ্রমিক, কৃষক, হিন্দু, মুসলমান, খ্রীষ্টান, শিখ, পাঞ্জাবী, আধিবাসী, প্রত্যেকের প্রতি প্রেম। প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার নাম ই তো দেশপ্রেম।  

কিন্তু আমাদের দেশের তথাকথিত দেশপ্রেমিকরা মানলে/জানলে/বুঝলে  তো?? তারা বর্তমানে সদা শশব্যস্ত  ‘দেশপ্রেমিক’/'দেশদ্রোহী' খুঁজতে।  প্রায়ই ফেসবুকে কিছু পোস্ট দেখি – “আপনি কি ভারতকে হিন্দুরাষ্ট্র হিসাবে দেখতে চান ? যারা চান না তারা লাইক করুন, যারা চান তারা কমেন্টস করুন”। অথবা যুদ্ধরত সৈনিকদের ছবি/ মৃত সৈনিকদের ছবি দিয়ে লেখা হয় প্রকৃত ভারতীয় হলে লাইক করুন! " কী সহজ উপায় দেশদ্রোহী/দেশপ্রেমী বিচার করার!  

আচ্ছা, দেশপ্রেম/দেশদ্রোহিতার সমীকরণ এতই সোজা? আফজল গুরুর ফাঁসি সমর্থন করলেই আপনি দেশপ্রেমী, আর সাধারন  কাশ্মীরীদের পেলেটগানে মৃত্যু না চাইলে আপনি দেশদ্রোহী?? সেনার জন্য সকাল সন্ধ্যে চোখের জল নাকের জল এক করলে আপনি দেশপ্রেমী, আর সেনারা খাদ্যে দূর্নীতির প্রতিবাদ করলে মদ্যপ/ দেশদ্রোহী?? সেনাদের জন্য বরাদ্ধ ফ্ল্যাট নিয়ে দূর্ণীতি করলে দেশপ্রেমী, আর সেই দূর্নীতির বিরোধিতা করলে দেশদ্রোহী??   জে এন ইউ'র ছাত্ররা আপনাদের করে'র টাকায় পড়ে, তাই তাদের উপর আক্রমন করলে আপনি দেশপ্রেমিক , আর সাধারণ মানুষের করের পয়সায় পার্লামেন্ট ক্যান্টিনে যে মন্ত্রীরা ১০টাকা ৯০পয়সার মটন কাটলেট চিবিয়ে দেশোদ্ধার  করেন, তাদের উপর প্রশ্ন তুললে আপনি দেশদ্রোহী??  সুপ্রীম কোর্ট ও সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাবরি মসজিদ ভাঙা দেশপ্রেম? যখন রাষ্ট্রনেতারা যুদ্ধে মাতেন আবার কিছুদিন পরে সেই শত্রুদেশের নায়কদের সঙ্গে কোলাকুলি করে চা খান সেগুলো দেশপ্রেম? আর যে দেশের শতকরা ষাটভাগ মানুষের ঘরে পানযোগ্য জল নেই, না আছে শিক্ষা না আছে দু মুঠো ভাত, মাথার উপর না আছে চাল,না চিকিৎসার সুযোগ, তাদের অধিকারের কথা বললে আপনি ‘দেশদ্রোহী’? খুন-ধর্ষণসহ অন্যান্য অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের বিপুল সংখ্যক ভোট দিয়ে নির্বাচনে জিতিয়ে মন্ত্রী  করার দায়িত্ব নেন যারা,  গর্হিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি জেলে থাকার পরও তাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে জিতিয়ে আনেন যারা , তারাই কি আমাদের প্রকৃত দেশপ্রেমীকগন ? 
শ্রমিকরা কাজ হারাচ্ছে, কৃষকরা আত্মহত্যা করছে। এই উৎপাদকরাই ভারতীয় জনগনের আশি শতাংশ। যে দেশপ্রেম আশি শতাংশ মানুষের ব্যথা-যন্ত্রণা বোঝে না,  বোঝে শুধু আম্বানি-আদানি- বিজয় মালিয়াদের  স্বার্থ, সেই দেশপ্রেম নিয়ে কী করবেন, হে আমজনতা?? ভেবে দেখেছেন কখনো? 

দেশপ্রেমের সার্টিফিকেট বিতরণের অথেন্টিকেট কর্মকর্তাগন, আপনাদের বলছি,  চিপস খেয়ে যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে, রজনীগন্ধা/পানের পিকে দেওয়াল ভিজিয়ে দিয়ে, কর ফাঁকি দিয়ে, রিক্সায়ালা দশটাকা বেশী চাইলে তার গায়ে হাত তুলে, সব্জিয়ালা/মাছয়ালার সাথে দুটাকা নিয়ে হাতাহাতি করে, বেসরকারী প্রতিষ্ঠানে পড়ে, বিদেশের মাল্টিন্যাশনেল কোম্পানিতে বনের মোষ তাড়িয়ে, জেএনইউ, আরো বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রদের ভিডিও জাল করে, তাদের গুন্ডার মতো মেরে, শিক্ষকদের গায়ে হাত তুলে তাদের হসপিটাল পাঠিয়ে, নাগপুরে বিজয়উল্লাস করে, ফেসবুকে সেলফি ঝুলিয়ে, ‘ভারত মাতা কি জয়’ শ্লোগানে আকাশ-বাতাস কল্লোলিত করে যদি "দেশপ্রেমের" প্রমাণ দিতে হয়, তাহলে বলি শুনুন,  এরকম দেশপ্রেমিক হওয়ার চেয়ে আমরা খুশীমনে আপনাদের কাছে দেশদ্রোহী হতে রাজি আছি! 


ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করা হয়। এ কেমন গণতন্ত্র যা কাশ্মীরি সাধারন জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে কোনও মর্যাদা দেয় না? যারা সামরিক বাহিনীর জোরে কাশ্মীরকে দখলে রাখা যাবে তারা ভুল ভাবছেন। এর সমাধান ভারত, পাকিস্তান ও কাশ্মীরি জনগণ এই তিন পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সম্ভব। 

পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন। স্কটল্যান্ড গ্রেট ব্রিটেনের মধ্যে থাকা নিয়ে  গণভোট হয়। কুইবেক প্রদেশ কানাডার মধ্যে থাকবে কিনা সেটা নিয়েও কয়েকবার গণভোট হয়েছে। এটাই গনতন্ত্রের নিয়ম, চাহিদা। অথচ ভারতবর্ষে কেউ যদি কাশ্মীরিদের গণভোটের দাবি তোলে, সে হয়  ‘দেশদ্রোহী’ !! বাহ্!!


সবশেষে একটা কথা বলি আমার দেশপ্রেমিক ভাইবোনদের,  দেশের  সংবিধান, আইন মানেন তো?? দেশের আইনে লেখা আছে, অপরাধ প্রমান না হওয়া অব্দি কাউকে অপরাধী বলা যাবে না! তাহলে কোন যুক্তিতে কানাইয়া, ওমর খালিদ, শেলা রশিদকে দেশদ্রোহী বলছেন আপনারা?? কোন যুক্তিতে ওমর খালিদ আর শেলা রশিদকে রামযশ কলেজের সেমিনারে আসতে বাধা দেওয়া হলো? কোন যুক্তিতে কলেজের সেমিনারে যোগ দেওয়া ছাত্রছাত্রী, AISA, SFI সদস্যদের, শিক্ষকদের দিল্লি পুলিশের মদত নিয়ে এবিভিপি-র গুণ্ডারা ইচ্ছেমতো মারধর করলো?

তাদের বিরুদ্ধে মামলার জাজমেন্ট এখনো হয়নি! আর জাজমেন্ট হওয়ার আগে কাউকে "দেশদ্রোহী" বলাটাও "দেশদ্রোহীতা"। কোর্টে কিন্তু প্রমান ও হয়েছে যে ভিডিও গুলো প্রডিউস করা হয়েছিল, সেগুলো জাল! এটা জানেন না? আগে দেশের আইন সম্পর্কে জানুন, বুঝুন! আর জাজমেন্টে যদি ওরা দোষী প্রমানিত হয়, তখন নাহয় চাড্ডি পরে বা চাড্ডি খুলে নাগপুরের সামনে মিষ্টি বিলোবেন !! তার আগে অব্দি নিজের জং ধরা মানসিকতা আর ভুয়ো দেশপ্রেমের সার্টিফিকেট নিয়ে দেশপ্রেমী/দেশদ্রোহী খোঁজা বন্ধ করুন!!

মেয়েদের সতীত্ব বনাম সমাজ



হায়মেনোপ্লাষ্টি কি জানেন?

নানারকম খেলাধূলা, সাঁতার কাটা, সাইকেল চালানো কিংবা যারা নিয়মিত নাচানাচি করেন, অথবা শারিরীক কসরত করেন,  সেইসব অনেক তরুনীর ই কিশোরী অবস্থায় হাইমেন বা সতিচ্ছেদ ছিন্ন হয়ে যায়! একটি বিশেষ অপারেশনের মাধ্যমে সেই ছিন্ন হয়ে যাওয়া সতিচ্ছেদ পুনঃস্থাপন করার নামই হায়মেনোপ্লাষ্টি।

ভারতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে হায়মেনোপ্লাষ্টি। মন্তব্য চিকিৎসকদের। কিছুদিন আগে হায়দরাবাদে এক দম্পতি তাদের মেয়েকে নিয়ে চিকিৎসকদের দ্বারস্থ হন। মেয়েটি নিয়মিত ব্যাডমিন্টন খেলার ফলে তার সতিচ্ছেদ ছিন্ন হয়ে গেছে, সামনেই তার বিয়ে, শ্বশুরবাড়িতে যাতে মান সম্মান নিয়ে টানাটানি না হয়, সেজন্যই পুনরায় কুমারিত্ব  ফিরে পাওয়ার জন্য মা বাবার এই প্রয়াস !

তবে হায়দরাবাদের এই ঘটনা দেশের মধ্যে বিরল নয়। সারাদেশ জুড়ে এরকম ঘটনার অজস্র উদাহরন রয়েছে। হায়দরাবাদের সানসাইন হাসপাতালের প্লাষ্টিক সার্জেন ডা. ভবানী প্রসাদ বলেছেন তিনি বছরে গড়ে প্রায় 50 টি হায়মেনোপ্লাষ্টি করেন !

ভাবতে অবাক লাগে, আজ 2016 তে দাড়িয়েও আমাদের দেশের 98% মা-বাবা নিজে এবং মেয়েটিকেও ভাবতে বাধ্য করাচ্ছেন বৈবাহিক জীবনের পূর্ব শর্তই হল যেনতেন ভাবে নিজেকে কুমারী প্রমান করা !! অথচ কখনও শেখাচ্ছেন না স্বামী ঠিকঠাক আচরণ না করলে কী করতে হবে? তার পরিবার অত্যাচার করলে কী করতে হবে? স্বামী পরনারীতে আসক্ত হলে কী করতে হবে? ডিভোর্স চাইলে কী করতে হবে? যৌতুক চাইলে কী করতে হবে? কথায় কথায় গলাধাক্কা, মারধর, গালাগাল করলে কী করতে হবে?


আমাদের দেশে ছোটবেলা থেকেই মেয়েদের কুমারিত্বের অগ্নিপরীক্ষা সম্পর্কে শিক্ষা দেয়া হয়। সমাজের কাছে সতীত্ব (virginity) একটি গুরুত্বপূর্ণ শব্দ, এ শব্দটি শুধুমাত্র নারীর জন্য। সতী নারী মানে কুমারী নারী, যে নারীর যোনী কোন পুরুষের স্পর্শ এখনো পায়নি।বেশীরভাগ পুরুষেরা নিজে নিয়মিত বেশ্যালয়ে অথবা একাধিক যৌনসম্পর্কে লিপ্ত থাকলেও বিয়ে করার সময় সতী-সাবিত্রী মেয়ে খুঁজেন বিয়ের জন্য।অনেক ছেলেবন্ধু থাকা, পূর্বপ্রেম থাকা মেয়েদের থেকে বিবাহোপযুক্ত ছেলেরা যারপরনাই সতর্ক থাকেন।সে তার নিজের যতই মেয়েবন্ধু বা পূর্বপ্রেম থাকুক না কেন!
ফুলশয্যার রাতে তখনই পুরুষেরা সবচে’ সুখী হন, যখন জানতে পারেন তার স্ত্রী সতী। অথচ সেই পুরুষটির সতীত্বের পরীক্ষা নিতে কিন্তু কেউ আসে না।

সতীত্ব রক্ষা শব্দটি পুরুষেরই তৈরি, পুরুষেরা কি নিজের জন্য এমন অস্বস্তিকর অপমানকর কোনও ব্যবস্থা নিতে রাজি হবেন? সতীত্বের আবাস কি শুধু যোনিতেই, পুরুষাঙ্গে এর কোন অস্তিত্ব নাই?


সতীত্বের মতো একটা ফালতু কনসেপ্টকে সমাজে টিকিয়ে রাখতে হলে রাখেন আপনারা। তবে শুধু নারীদের জন্য নয়, পুরুষদের চারিত্রিক বিচারের জন্যও সতীত্বকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেন এখন থেকে।। আর যদি এটা না করতে পারেন তবে সতীত্বের মত একটা অপ্রয়োজনীয়, মধ্যযুগীয় কনসেপ্টকে সমাজ থেকে ছুঁড়ে ফেলেন। ভাবতে শুরু করেন, সতীত্ব বলে কোন জিনিস কোথাও নেই, ছিলনা এবং থাকবেও না।