এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭

“শোনো ডাকে ওই একাদশ শহীদেরা...."
_________________________________








শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি ই নয়,  নিজের মাতৃভাষা রক্ষার জন্য ভারতের এই আসামের বুকেই প্রাণ দিয়েছিলেন এগারো জন তরতাজা প্রাণ। একুশে ফেব্রুয়ারী কথা সারা পৃথিবী জানে। কিন্তু আমাদের বরাক উপত্যকার এই রক্তাক্ত ইতিহাস এখনোও সেভাবে পৃথিবীর কানে পৌছায়নি! শুধু পৃথিবী কেন, আমাদের দেশের অনেক মানুষও এই ইতিহাস জানেন না। 

আজ তাই অহংকার আর শ্রদ্ধা বুকে নিয়ে আমাদের সেই বীর বোন আর ভাইদের কথা বলবো। বলবো বরাকের বাঙালীদের নিজের মাতৃভাষা রক্ষায় রক্তাক্ত হওয়ার ইতিহাস। 

১৯৬০ সালের এপ্রিল মাস, অসমীয়া ভাষাকে আসামের একমাত্র সরকারী ভাষা হিসেবে ঘোষনা করা হয়। এই ঘোষনার ফলস্বরূ  ব্রহ্মপুত্র উপত্যকায় উত্তেজিত অসমীয়া জনতা বাঙালীদের আক্রমন শুরু করে। জুলাই থেকে সেপ্টেম্বর অব্দি হিংসা চুড়ান্ত রূপ নেয়। কামরূপ জেলা সবচেয়ে বেশী আক্রান্ত হয়। প্রায়  ২৫টি গ্রামের ৪,০১৯টি কুঁড়েঘর এবং ৫৮টি বাড়ি ধ্বংস ও আক্রমণ করা হয় ; নয়জন বাঙালিকে হত্যা করা হয় এবং একশ'র বেশি আহত হয়।

১০ অক্টোবর, ১৯৬০, তৎকালীন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চলিহা অসমীয়াকে আসামের একমাত্র সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উত্থাপন করেন। এবং ২৪ অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়।

প্রতিবাদের ঝড় উঠে বাঙালী অধ্যুষিত বরাক উপত্যকায়। আসামের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালীদের উপর এইভাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ায় প্রতিবাদে পথে নামে তাঁরা। ১৯৬১ সালের ৫ ফেব্রুয়ারি গঠন করা হয় 'কাছাড় গণ সংগ্রাম পরিষদ'। আসাম সরকারের এহেন অন্যায়ের প্রতিবাদে ১৪ এপ্রিল শিলচর, করিমগঞ্জ আর হাইলাকান্দির বাঙালীরা  সংকল্প দিবস পালন করেন। বরাক উপত্যকার জনগণের মধ্যে সজাগতা সৃষ্টি করার উদ্দেশ্যে সংগঠনটি  ২৪ এপ্রিল দীর্ঘ একটি পদযাত্রা শুরু করে। প্রায় ২oo মাইল হেঁটে পদযাত্রাটি শেষ হয় ২ মে'। তাঁরা সরকারকে সময় বেঁধে দেন ১৩ মে অব্দি। তাঁরা বলেন যদি এই সময়ের ভিতর বাংলাকে সরকারী ভাষা হিসেবে ঘোষণা করা না হয়, ১৯ মে তে তাঁরা হরতাল করবেন।

যথারীতি সরকার এই প্রস্তাবে সম্মত হয় না। ১৮ মে' তে অসম পুলিশ আন্দোলনের তিনজন নেতা নলিনীকান্ত দাস, রথীন্দ্রনাথ সেন ও বিধুভুষণ চৌধুরী কে গ্রেপ্তার করে। 

১৯ মে' তে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হ'ল। করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারী কার্যালয়, রেলওয়ে ষ্টেশন, কোর্ট ইত্যাদিতে পিকেটিং করেছিলেন। শিলচরে রেলওয়ে স্টেশনেও চলছিলো পিকেটিং। সেই পিকেটিং এ যোগ দেয় ১৬ বছরের কিশোরী কমলা ভট্টাচার্য্য। মাত্র আগেরদিন সে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। মা'কে বুঝিয়ে রাজি করে, মেজদিদির রাখা শাড়ীটা পরে পিকেটিং এ  হাজির হয় কমলা। সাথে ছোট বোন মঙ্গলা, ছোট ভাই বকুল ও বড়দির ছেলে বাপ্পা। দুপুরবেলা মা দুশ্চিন্তা করতে করতে নিজেই গিয়ে উপস্থিত হন রেল স্টেশনে। মাকে দেখতে পেয়েই ছুটে আসেন কমলা। মায়ের সমস্ত দুশ্চিন্তা দূর করে মাকে অনেক বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। 

সকালের দিকে রেল অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে হলেও দুপুরের পর থেকেই আসাম রাইফেলস-এর জওয়ানরা জায়গাটাকে ঘিরে ফেলতে শুরু করে। বেলা ২:৩৫ মিনিট নাগাদ বিনা প্ররোচনায় তারা অবস্থানকারী ছাত্রছাত্রীদের নির্মমভাবে লাঠি ও বন্দুকের বাট দিয়ে পেটাতে থাকে। এলোপাথারি লাঠিচার্জে অবস্থানকারী জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। কমলার ছোটবোন মঙ্গলা পুলিশের লাঠির আঘাতে মাটিতে পড়ে যায় এবং সাহায্যের জন্য কমলার উদ্দেশ্যে চিৎকার করতে থাকে। কমলা তাকে তোলার জন্যে যখন ছুটে যাচ্ছে, ঠিক তখনই একটা বুলেট তাঁর চোখ ভেদ করে মাথায় গিয়ে লাগে। অন্যান্য আহত ও গুলিবিদ্ধ অবস্থানকারীদের সাথে কমলাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। নিজের মাতৃভাষার স্বীকৃতি আদায়ে প্রাণ দেয় বিশ্বের প্রথম একটি বালিকা। মঙ্গলাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এক মাস বাদে তার জ্ঞান ফিরলেও বাকি জীবনটা সে শারীরিক ও মানসিকভাবে পঙ্গু হয়ে যায়।

মায়ের ভাষা বাংলার স্বীকৃতির দাবীতে কমলা সহ ১১জন ভাষাসৈনিক শহীদ হন এবং আহত হন অর্ধশতাধিক। প্রশাসন ১৪৪ ধারা জারি করে।  ১১ জন নারী-পুরুষের রক্তে রঞ্জিত হয়ে যায় শিলচর রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকা। শোকে স্তব্ধ ও হতবাক হয়ে উঠে সমগ্র বরাক উপত্যকা। কী এমন দাবী করেছিলো বাঙালীরা? বাংলা ভাষায় কথা বলার দাবী করতে গিয়ে কী এমন অপরাধ করেছিলো তারা? মাতৃভাষায় কথা বলতে চাওয়া অন্যায়? দেশদ্রোহীতা? 

২০ মে শোকার্ত আন্দোলনকারীরা ১৪৪ ধারা উপেক্ষা করে গিয়ে ১১ জন শহীদ সন্তানের ( কানাইলাল নিয়োগী ,চন্ডীচরণ সূত্রধর,হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর , সুকমল পুরকায়স্থ এবং কমলা ভট্টাচার্য ) লাশ নিয়ে বৃহত্তম শোকমিছিল বের করে। 


শেষ পর্য্যন্ত আসাম সরকার দাবী মেনে নিতে বাধ্য হয়। বাংলাকেও আসামের সরকারী ভাষা হিসেবে ঘোষনা করা হয়। 

কিন্তু আমাদের লড়াই এখানেই থেমে থাকেনি। এই এগারো জন বীর শহিদের পর,  ১৯৭২ সালের ১৭ আগস্ট বাংলা ভাষা রক্ষার জন্য শহীদ হন বিজন চক্রবর্তী (বাচ্চু)। এবং ১৯৮৬ সালের ২১ জুলাই শহীদ হন দুজন ; 
জগন্ময় দেব (জগন)  ও দিব্যেন্দু দাস (যীশু)।


সত্যি করে বলুন তো বরাক উপত্যকার বাঙালীরা, এই শহীদের কথা কি আপনারা মনে রেখেছেন? আমাদের মুখের ভাষার জন্য অকালে হারিয়ে যাওয়া কিশোরী মেয়েটিকে কি আপনারা মনে রেখেছেন? যাঁদের জন্য আজ আপনারা স্কুল, কলেজে বাংলাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করছেন, বাংলায় কথা বলছেন, তাদের কথা কি আপনাদের মনে আছে?

না আপনাদের মনে নেই। মনে নেই বলেই আপনারা কোনো প্রতিবাদ করেন না। আমাদের অফিস-আদালত গুলোতে এখনোও বাংলার ব্যবহার হয় না। আমাদের বরাক উপত্যকায় বড় বড় হোর্ডিং এ অসমীয়া ভাষায় সরকারী বিজ্ঞাপন লেখা। আপনারা কোনো প্রতিবাদ করেন না। করিমগঞ্জের শহীদবেদীর পাশে আবর্জনার স্তুপ।  সরকারী ক্যালেন্ডারে রবীন্দ্র জয়ন্তী, উনিশে মে'র কোনো ছুটি নেই। বাঙালীদের সাথে অসমীয়ারা দ্বিতীয় শ্রেনীর নাগরিকের মতো ব্যবহার করে, ব্রহ্মপুত্র এলাকায় চাকরী করতে যাওয়া আমাদের ভাই-বোনদের সাথে তারা সৎমাসূলভ আচরন করে,  আপনারা প্রতিবাদ করেন না। বরাক উপত্যকায় বরাকের ছেলে মেয়েদের ব্রাত্য করে ব্রহ্মপুত্র এলাকার ছেলে মেয়েদের চাকরীতে নিয়োগ করা হয়। আপনার একবারো প্রতিবাদ করেন না। ওহ্, প্রতিবাদ করবেন কি করে, আপনারা তো নিজেদের বাঙালী না বলে অসমীয়া বলতে পছন্দ করেন। শুদ্ধ করে বললে - অসমবাসী বাঙালী!! কিন্তু আপনারা কাকের ময়ুরের পালক লাগানোর গল্পটা ভুলে গেছেন। 

ছিঃ বরাকের বাঙালী, এ লজ্জা রাখবো কোথায়?? 






















বুধবার, ১৭ মে, ২০১৭

আমাদের ছেলে সন্তানরা "না" শব্দের মানে জানে না! 
_____________________________________________

আমাদের দেশে ধর্ষন একপ্রকার উৎসব। প্রতি মিনিটে একজন নারী এদেশে ধর্ষনের শিকার হচ্ছে। বৈবাহিক ধর্ষনেও আমাদের দেশ প্রথমসারির দিকে। এইসব ধর্ষনের ঘটনার বেশীরভাগের ই কোনো এফ আই আর হয় না। বেশীরভাগের খবরই প্রচারমাধ্যমে আসে না। তারপরও যে ঘটনা গুলো আসে, সেটা নিয়ে কদিন মাতামাতি হয়, মোমবাতি মিছিল হয়, ফেসবুকে ধর্ষকের ফাঁসি নিয়ে তর্ক বিতর্ক হয়। আরেকপক্ষ ধর্ষনের জন্য মেয়েদের পোষাক, চরিত্র দায়ী বলে আকাশ বাতাস আন্দোলিত করেন।  তারপর ধীরে ধীরে আবার সব শান্ত হয়ে পড়ে। জনগন আবার কোনো নতুন ইস্যু নিয়ে মাতামাতি শুরু করে।

আবার কদিন পর নতুন কোনো পৈচাশিক ধর্ষনের ঘটনা ঘটে। একপক্ষ মোমবাতি নিয়ে হাটেন, আরেকপক্ষ মেয়েদের পোষাক অব্দি যান। ব্যস এই অব্দিই। এদিকে ধর্ষনের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। 

আসলে এভাবে মোমবাতি হাতে হেঁটে, বা পোষাকের দোহাই দিয়ে কোনোদিন ধর্ষন কমানো যাবে না।  ধর্ষককে ফাঁসি দিয়েও ধর্ষন কমানো যাবে না। ধর্ষকের লিঙ্গ থেতলে দিলেও ধর্ষন কমানো যাবে না। কারন আমাদের গোড়ায় গলদ। ছোট থেকেই আমাদের ছেলে সন্তানের মধ্যে ধর্ষনের  মানসিকতা তৈরী করা হয়। এই মানসিকতাটাই মহামারী। স্যুট টাই পরা ভদ্রলোক থেকে শুরু করে অশিক্ষিত রিক্সায়ালার মধ্যেও এই ধর্ষনের মানসিকতা লুকিয়ে থাকে।তাই যতদিন অব্দি না এই মানসিকতার আমূল পরিবর্তন করা হচ্ছে, ততোদিন অব্দি ধর্ষন আর ধর্ষিতার সংখ্যা এভাবেই বেড়ে চলবে।

আমাদের সমাজের মা-বাবা রা মেয়েটি যে কোনো সময় ধর্ষিত হতে পারে এই আশঙ্কা করেন, কিন্তু নিজের ছেলেটাও যে ধর্ষক হয়ে উঠতে পারে, সে ব্যাপারে তাদের কোনো মাথাব্যাথা নেই। মা - বাবারা মেয়েদের সর্বদা না করতে ব্যস্ত। এটা না, ওটা না, হাফ হাতা পোষাক না, রাতবিরেতে একা যাওয়া না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই 'না' শব্দটার শিক্ষা নিজের ছেলেদের দেন না। আমাদের মা -বাবারা মেয়েদের সর্ব অবস্থায় 'না' করে, কিন্তু মেয়েদেরও যে  'না' বলার অধিকার আছে, মেয়েরা 'না' বললে যে সঙ্গে সঙ্গে থামতে হয়, এই শিক্ষাটা নিজের ছেলে সন্তানকে দেয় না।

তাই সমাজের মা-বাবারা, এবার থেকে মেয়েদের নিয়ে সদা শংকিত না থেকে, নিজের ছেলে সন্তানটিকে নিয়ে ভীত থাকুন। কারন আপনার ছেলে সন্তানটিও কিন্তু যে কোনো সময় ধর্ষকের ভুমিকায় নেমে আসতে পারে।   তাই এখন থেকে নিজের ছেলে সন্তানদের আগলে রাখুন ধর্ষনের চিন্তা থেকে, খারাপ বন্ধুদের থেকে। মেয়েরাও তাদের মতো সমান মর্যাদা সম্পন্ন মানুষ এবং মেয়েদের অনুমতি ব্যতীত তাকে ছোঁয়া সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ, এই শিক্ষা নিজের ছেলে সন্তানকে দিন। সাথে এটাও বলুন, নিরাপদ থাকা মানে শুধু নিজে নিরাপদ হওয়া নয়, অন্যকে বিপদে না ফেলার নামও নিরাপদ থাকা।

"‘No’ means No. So no need to explanation or strong causes or more speech for it." - এই কথাটা নিজের ছেলেটিকে মন্ত্রের মতো শেখান। নিজের ছেলেটিকে শেখান বিকৃত যৌনইচ্ছা সংবরণ করাই 'মানুষের' ধর্ম। একটা মেয়ে যখন 'না' বলবে তখন তাকে থেমে যেতে হবে। 'না' মানে নিজের যৌনইচ্ছা সংবরণ করতে হবে। সেই না'টা গার্লফ্রেন্ড বলুক বা কোনো যৌনকর্মী, অফিসের কলিগ বলুক, সহপাঠী বলুক, বা যে কোনো অপরিচিত মেয়ে কিংবা নিজের বউ, তাকে থেমে যেতে হবে। 'না' মানে না। 'না' মানে তাকে থামতে হবে। 'না' বলার পরও যদি সে অগ্রসর হয়, সেই মুহুর্তেই সে 'মানুষ' থেকে জানোয়ারে পরিণত হবে। 

এই শিক্ষায় ঘরে ঘরে প্রত্যেক মা-বাবারা তার ছেলেকে মানুষ করে তুলুন, দেখবেন 'ধর্ষন' আমাদের সমাজ, দেশ থেকে নির্মূল হয়ে গেছে। 
















আমাদের স্বর্গ ! 
_________________





চারদিকের এই উগ্র ধর্মান্ধতার মধ্যে আমার মাঝে মাঝে চৈতালীর কথা মনে পড়ে যায়। আমার ছোটবেলার স্কুলের প্রিয় বান্ধবী চৈতালী। যে নানাভাবে ছিলো ঠিক আমারই মতো। আমারই মতো উশৃঙ্খল, আমারই মতো যার অঙ্ক করতে ভালো লাগত না। ভালো লাগা মন্দ লাগা দুজনেরই একইরকম। একইরকম চুল। একদিন স্কুলের বড় ক্লাসের দিদিদের মুখে জানলাম আমি আর চৈতালী ভীষনরকম আলাদা। আমরা পানি বলি আর চৈতালীরা জল। আমরা মা কে আম্মা বলি, চৈতালিরা মা। আমাদের ঈদ, চৈতালীদের দূর্গাপূজো। আমাদের নামাজ, চৈতালীদের পূজো।আমরা মৃত্যুর পর কবরে যাই, চৈতালীরা কাঠের আগুনে। আমাদের ছোঁয়া চৈতালীদের পাপ। চৈতালীদের ঠাকুরঘরে আমাদের যেতে নেই। আমাদের ঘরের জল চৈতালীদের খেতে নেই। 

সেদিন আমরা দুজনেরই প্রচুর মনখারাপ হয়ে গেছিলো। আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি চৈতালীকে। সেই চোখ মুখ নাক, সেই ফিতে বাঁধা চুল, সেই অমলিন হাসি। সেও কি এভাবে দেখেছিলো আমাকে? সেও কি খুঁজতে চেয়েছিলো আমাদের মধ্যের অনুপস্থিত সব অসাদৃশ্য? আমি জানি না। তবু ওই বয়সেই আমরা জেনে গেছিলাম আমরা যাচ্ছি ভিন্ন স্বর্গে, অথবা ভিন্ন নরকে। ধর্ম আমাদের মধ্যে অদৃশ্য একটা দেয়াল তুলে দিয়েছিলো ওই বয়সেই। আমরা ক্রমশই ধার্মিক হয়ে উঠি। আমরা ক্রমশ পাপী হয়ে উঠি একে অন্যের কাছে। 

তবু আমরা ভাবতে চাইতাম আমরা একই রকম। আমাদের কোনো ধর্ম নেই। চৈতালী ওর ঠাকুরের প্রসাদ এনে দিত আমাকে, আমি হাত পেতে নিতাম। ঈদে চৈতালী আমাদের ঘরে এসে সেমাই খেত। আমরা একসাথে ঘুরতে যেতাম আবার। এই অসাদৃশ্য নিয়েই আমরা আবার একজোট হয়ে খেলতে যেতাম। বনে বনে জংলী ফুল খুঁজতে যেতাম। আমাদের চারপাশে তখন স্বর্গ নেমে আসত। জন লেননের স্বর্গ। কবীর সুমনের স্বর্গ। আমার আর চৈতালীর স্বর্গ। 










মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

হে মহান সাম্যবাদী পুরুষ, 

কদিন আগে একটা পোষ্টে লিখেছিলাম, "প্রত্যেক পুরুষের ভেতরে একেকটা পুরুষতান্ত্রিক  প্রতিক্রিয়াশীল চরিত্র বাস করে"। সেই পোষ্টের সত্যিটাকে তোমরা মেনে নিতে পারোনি। তোমরা ভারী  বিরক্ত হয়েছিলে। রাগ ও করেছিলে। আমার উপর একেবারে পুরুষবিদ্ধেষীর তকমা লাগিয়ে দিলে তোমরা । একজন তো একধাপ এগিয়ে লিখে ফেললো, আমি নাকি পুরুষের আতংক। তা ভাইসব, তোমাদের এই বিরক্তির কারন আমি জানি। 

তোমরা ভাবো, ভাবতে চাও আমার (নারীর) সম্মান আর অধিকার পাইয়ে দেওয়ার একচ্ছত্র মালিকানা  শুধুমাত্র তোমাদেরই। তোমরাই আমার রক্ষক। কিন্তু তোমাদের সেই দয়া নিতে নারাজ আমি  নিজের অধিকার যখন নিজেই চাইতে যাই, তোমরা রাগ কর। তোমাদের লোক দেখানো  মহানতা, উদারতা মানতে নারাজ  আমাকে তোমরা পুরুষবিদ্ধেষী আখ্যা দাও। তোমরা চিৎকার করে বলতে থাক, তোমরা তো সাম্যবাদী, মানবতাবাদে বিশ্বাসী পুরুষ, তাহলে আমি কেন তোমাদের দিকে আঙ্গুল তুলছি? 

তোমরা বলো, 'পুরুষ ভালো, পুরুষতন্ত্র খারাপ'। আমাকেও এই স্লোগান আওড়াতে বলো। আচ্ছা পুরুষতন্ত্র কি হঠাৎ আকাশ থেকে খসে পড়া কোনো বস্তু?? না। পুরুষতন্ত্র একটা সিস্টেম, যেখানে সামাজিক, পারিবারিক, ধর্মীয় এবং রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থা পুরুষদের সপক্ষে। যুগ যুগ ধরে পুরুষরাই এই ব্যবস্থা গড়ে তুলেছে এবং এর সমস্ত সুফলও  ভোগ করছে তারাই। এটিকে টিকিয়েও রেখেছে তারা নিজেদের স্বার্থে। হ্যাঁ,  মানছি এটাকে টিকিয়ে রাখতে সাহায্যে করছি কিছুসংখ্যক ক্ষেত্রে আমরা নারীরাও। কিন্তু আমাদের মধ্যে এই যে পুরুষতান্ত্রিক ভাবনা, সেটা তো পুরুষরাই শিখিয়েছে যুগ যুগ ধরে। এই ভুল শিক্ষার অন্ধকার থেকে আমরা বেশীরভাগ নারীরা বেরোতে পারিনি, সেটা আমাদের অক্ষমতা। দোষ কিছুতেই নয়।

একটা উদাহরন দেই, একজন লোককে বিষ খাইয়ে মারা হলো। এবারে দোষ কাকে দেওয়া হবে? বিষকে নাকি বিষ প্রয়োগকারীকে? স্বাভাবিক ভাবেই বিষ প্রয়োগকারীকে দোষী বলে সাব্যস্ত করা হবে। একইরকম ভাবে আমাদের সমাজে বিষটি হলো পুরুষতন্ত্র আর বিষ প্রয়োগকারীটি হলো  পুরুষ। 

একটা তন্ত্র বা সিস্টেমের নিজস্ব কোনো বোধ-বুদ্ধি নেই।সিস্টেম নিজে থেকে চলতেও পারে না।তাকে চালায় মানুষ। তাই সিস্টেমের দিকে ইট ছুড়ে কোনো লাভ নেই। এই সিস্টেমকে চালায় যারা, তাদেরকে আঘাত করতে হবে। যদি তন্ত্র চালানেওয়ালেরা সঠিক পথে আসে, তবেই পুরুষতন্ত্র নামক সিস্টেমটির নির্মুল সম্ভব। তোমরা যারা সিস্টেমের উপর ক্ষোভ ঝাড়ো এবং  সিস্টেম চালানেওয়ালা দের সহানুভুতি দেখাও, তারা আসলে ভেতরে ভেতরে ভীষনভাবে চাও পুরুষতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় থাকুক। 

তোমাদের পরবর্তী প্রতিক্রিয়ার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। প্রতিদিন ধর্ষিত হওয়া, শ্লীলতাহানীর শিকার হওয়া, নির্যাতনের শিকার হওয়া নারী কার দ্বারা এসবের শিকার হয়? ধর্ষন করে ধর্ষনের ভিডিও চড়াদামে বিক্রি করে কারা? আর কারাই বা দেখে ওসব? নারীর পোষাক দেখে যৌনউত্তেজনা কাদের জাগে? রাস্তাঘাটে নারীদের টিজ করা ঐ বখাটেরা কারা? যৌনপল্লীতে প্রতিরাতে কার হাতবদল হয় নারী? ডাস্টবিনে কেঁদে উঠা নবজাতক কার কর্মের ফসল? প্রতিরাতে পাগলীটা কার বিকৃত লালসার শিকার হয়? প্রেমের ফাঁদে ফেলে নারী পাচার করে কারা? আবার প্রতিহিংসাপরায়ন হয়ে এসিড ছুঁড়ে মারে কারা? কাজের মেয়েটিকে কার যৌনলালসার শিকার হতে হয়? শিশুদের যৌন নিপীড়ন করে কারা? প্রাইভেট পড়তে গিয়ে মেয়েটি কার ঘৃণ্য ছোঁয়ার শিকার হয়? ফেইসবুকের প্রত্যেকটা মেয়েকে ইনবক্সে উত্যক্ত করে কারা? ভিনধর্মী যুবকের সাথে প্রেম করার অপরাধে মেয়েটিকে প্রকাশ্যে শ্লীলতাহানী করে কারা? 

তোমরা বলবে এসব যারা করে তারা মানুষ নয়। তারা তোমরা নও। তোমরা বলবে বর্তমান যুগে বেশীরভাগ পুরুষ সাম্যবাদী, মানবতাবাদী। তারা নারীকে সম্মান করে। তাহলে আরো কিছু উত্তর দাও। সম্পত্তিতে বোনকে সমানভাগ থেকে বঞ্চিত করে কারা? তোমাদের পরিবারের নারী সদস্যদের রক্ষক তোমরা কি নিজেকে ভাবো না? স্ত্রীর অমতে তার সাথে কোনোদিন কী শারীরিক ভাবে মিলিত হও নি? ফুলশয্যার রাতে স্ত্রীর সতিত্বের পরীক্ষা নিতে যাওয়া স্বামীটি কি তোমরা নও?? চাকরীতে স্ত্রী উন্নতি করছে দেখে তার চরিত্র নিয়ে সন্দেহ করোনি ? মেয়েদের নিয়ে রগরগে জোকস শুনে তোমরাও কি তাতে সামিল হওনি? হাসি ঠাট্টাতে মেতে উঠোনি? নারী নয়, পুরুষই পরিবারের গার্জিয়ান - একথা কি তোমরাও মনে মনে  ভাবো না?  সকাল থেকে কাজকর্ম করে তারপর সারাদিন অফিস করে বাড়ী ফেরা স্ত্রীটি যখন আবার রান্নাঘর সামলাতে ব্যস্ত, তখন সোফায় বসে পত্রিকার পাতায় চোখ বুলানো তুমি কি তাকে এক কাপ চা দিয়ে যাওয়ার অর্ডার করোনি? ছেলে আর মেয়ে আলাদা নয়, বরং সমান মানুষ, নিজের ছেলে-মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা করেছো কখনো? 

না, উত্তরগুলো আমাকে দিতে হবে না। বরং  নিজেকে দাড়িপাল্লায় তোলো। নিজেই বুঝতে চেষ্টা করো তোমরা কি?  পুরুষ? নাকি পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া 'মানুষ'? 










"আমরা পুরুষ - আমরা ধর্ষণ করি"
_____________________________


#ঘটনা এক : হরিয়ানার রোহতকে ২৩ বছরের এক তরুনীকে সাতজন পুরুষ মিলে গণধর্ষন করে খুন করেছে। যাতে চিহ্নিত না করা যায়, তাই ভারী কিছু দিয়ে ওই তরুণীর মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়েছে। এমনকী দেহের উপর দিয়ে গাড়িও চালানো হয়েছে। যৌনাঙ্গে ধারালো অস্ত্র ঢোকানোরও চিহ্ন পেয়েছে পুলিশ। রাস্তায় পড়ে থাকায় কুকুরে খুবলে খেয়েছে তার দেহ। 

#ঘটনা দুই : হরিয়ানার রোহতকে নিজ আত্মীয় দ্বারা ধর্ষিত হয়েছে ১০ বছরের এক শিশু। বর্তমানে শিশুটি পাঁচ মাসের অন্তঃসত্বা। গত কয়েক মাস ধরে নানা অজুহাতে শিশুটিকে ধর্ষন করে ওই আত্মীয়টি। তাকে ভয় দেখিয়ে বলা হয় কাউকে যেন একথা না বলে। শিশুটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।


উপরের দুটো ঘটনায় ই ভিক্টিমের সবচেয়ে বড় ‘অপরাধ’, সে মেয়ে। তাকে ‘ভোগ’ করা যায়, ধর্ষণ করা যায়। হায়েনার মতো ঝাঁপিয়ে পড়া যায়। ধর্ষনের পর তার খুন হওয়া রক্তাক্ত দেহ ফেলে রাখা যায়! অন্তঃসত্বা বানিয়ে দেওয়া যায়। তেইশ বছর বয়স হোক বা দশ বছর - মেয়ে মানেই পুরুষদের কাছে যৌন চাহিদা মেটানোর মেশিন। যৌনতার জন্য একজন পুরুষের একটি যোনী হলেই চলে, জরায়ু হলেই চলে। তার বয়স দেখা লাগে না, সম্পর্ক দেখা লাগে না, ইচ্ছে-অনিচ্ছে দেখা লাগে না, প্রেম দেখা লাগে না, সময় দেখা লাগে না, সমাজ, বিবেক কিছুই লাগে না। 

ধর্ষনপ্রিয় পুরুষের একমাত্র গন্তব্য মেয়েদের অন্তর্বাস আবৃত স্থানসমূহে। এসব অন্তর্ভেদী দৃষ্টির জন্য নারীকে পড়তে হবে বোরকা, পড়তে হবে হিজাব পড়তে হবে পুরুষ কর্তৃক সুপারিশকৃত সকল পোশাক। তবুও সেই অন্তর্ভেদী দৃষ্টি ঠিকই খুঁজে নিবে মেয়েটির গোপনীয় সব অঙ্গ।মেয়েদের ধর্ষিত হতে  হবে হিজাবের দেশে, মেয়েদের ধর্ষিত হতে হবে হিজাব না থাকা দেশে, মেয়েদের ধর্ষিত হবে সর্বত্র। 

এই পৃথিবীতে মেয়েদের কোন নিরাপদ স্থান নেই।স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল, লিফ্ট, আদালত, এমন নিজের ঘরও মেয়েদের  জন্য নিরাপদ আশ্রয় নয়। আকস্মিক লোকালয়ে চলে আসা বনের পশুও কখনো এতোটা অনিরাপদ বোধ করেনা , যতোটা এই সমাজব্যবস্থায় মেয়েরা। 

কুকুর নামক প্রজাতিটিরও ভাদ্র মাস ফুরায় একদিন, ফুরায় না কেবল আমাদের সমাজের পুরুষদের! 

সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখনই মেয়েদের প্রতি হওয়া ধর্ষন, নির্যাতনের প্রতিবাদ করা হয়, তখন আরেক দল পুরুষ, পুরুষ নির্যাতনের সাইনবোর্ড নিয়ে চলে আসে! অথবা "সবাই সমান নয়" এই স্লোগান গাইতে থাকে দলবদ্ধ ভাবে। অথবা ধর্ষিতার পেশা, পোষাক,চরিত্রের পোষ্টমোর্টেমে লেগে পড়ে। 

ওহে, সাম্যবাদী(!), মানবতাবাদী(!) পুরুষগণ, নারী নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ- করে পুরুষরা।তাই এসব বন্ধ করতে হলে নারীদের নয়,  সবার আগে এগিয়ে আসতে হবে পুরুষদেরই।সংশোধিত করতে হবে তোমাদের নিজেদেরকেই। তোমাদের জন্য 'পুরুষ' শব্দটা আজ একটা গালিতে পরিণত হয়েছে। তাই এই গালি থেকে বাঁচতে হলে তোমরা নিজেরা এখন  আন্দোলন কর, ধর্ষনের বিচার চাও, প্রতিবাদ কর। আর তা না করলে প্রকাশ্যেই ঘোষণা করো আজ থেকে: "আমরা পুরুষ, আমরা ধর্ষণ করি" - এবং ধর্ষক হিসেবে  নিজেদের পরিচয়কে আরো পাকাপোক্ত করো!!










মঙ্গলবার, ২ মে, ২০১৭

পুরুষতন্ত্রের হুজুররা, একটু শুনুন!
___________________________



আপনারা পুরুষ মানুষ, মেয়েদের গায়ে হাত দেওয়া, তাকে প্রকাশ্যে গণশ্লীলতাহানী করে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, আপনাদের মৌলিক অধিকার। শুধু মেয়েরা কেন, দেশ, সংবিধান, আইন সবকিছুর গায়ে হাত তুলতে পারেন আপনারা। কখনো ধর্মের নামে, কখনো পরিবারের নামে, কখনো চরিত্রের নামে, কখনো সমাজ সভ্যতার নামে মেয়েদের আপনারা মারতেই আছেন। 

কখনো চড়-থাপ্পড়, কখনো অশ্লীল গালি দিয়ে, কখনো গণধর্ষন করে, কখনো চাপাতি দিয়ে, কখনো ত্রিশুলের আগায় অপরিণত ভ্রুণ দিয়ে, কখনো পাথর মেরে, কখনো গায়ে আগুন লাগিয়ে, কখনো এসিডে ঝলসে দিয়ে, মেয়েদের আপনারা মারতেই আছেন। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-জৈন-শিখ-ইহুদি, মার খাওয়ার হাত থেকে কোনো মেয়ের রেহাই নেই। 

আপনাদের মেয়েদের মারার ইতিহাস শতাব্দী প্রাচীন। বলা যায় যেদিন থেকে মানব সভ্যতার ইতিহাস শুরু, সেদিন থেকে মেয়েদের মারার ইতিহাস ও শুরু। বাবা হয়ে মারেন, ভাই হয়ে মারেন, স্বামী হয়ে মারেন, প্রেমিক হয়ে মারেন,  ছেলে হয়ে মারেন,  পাড়া-প্রতিবেশী হয়ে মারেন, জেনারেল পাবলিক হয়ে মারেন। বন্ধু হয়ে মারেন, আবার শত্রু হয়েও মারেন। 

আপনারা মুকেশ সিং হয়ে মারেন, আশারাম বাপু হয়ে মারেন, শফি হুজুর হয়ে মারেন। চুলের মুঠি ধরে মারেন, লাঠি দিয়ে মারেন, আবার লিঙ্গ দিয়েও মারেন। পুত্রসন্তান প্রসব না করলেও মারেন, পুত্র সন্তান প্রসব করলেও মারেন।সতী হলেও মারেন, অসতী হলেও মারেন। রাগ হলেও মারেন আবার মিল হলেও মারেন। প্রেমে সায় না দিলেও মারেন, প্রেমে সায় দিলেও মারেন।

ছোটোলোক মেয়েমানুষ আমরা, আমাদের মারা তো আপনাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই না? আমাদের আবার কোনো মান-ইজ্জত আছে নাকি আপনাদের কাছে? আমরা আবার আপনাদের সমান মানুষ হলাম কবে? আপনাদের দেশে, আপনাদের সমাজে , মেয়েমানুষ শিরদাড়া সোজা করলেও মার খায়, শিরদাড়া ভেঙ্গে ফেললেও মার খায়। ঘরে থাকলেও মার খায়, রাস্তায় বেরোলেও মার খায়। প্রেম করলেও মার খায়, প্রেম না করলেও মার খায়। তরকারীতে লবন বেশী দিলেও মার খায় আবার কম দিলেও মার খায়। জন্ম থেকে মৃত্যু অব্দি আপনাদের মার খাওয়া ই তো আমাদের নিয়তি। 

আপনারা পুরুষ, আপনারা হুজুর মাইবাপ, আপনারা প্রভু। মেয়েমানুষ আপনাদের ক্রীতদাস। আপনারা যখন খুশী মারবেন, যখন খুশী ভালোবাসবেন। যে মেয়েমানুষ আপনাদের বশ মানে না, তাকে তো মারাই উচিৎ! সেজন্য তাকে ভাতে মারেন, হাতে মারেন, যেভাবে সম্ভব সেভাবে মারেন। আপনারা বেশ্যা পাড়ায় নিজের বিকৃত কামইচ্ছা মিটিয়ে এসে, 'বেশ্যা মেয়েমানুষ' বলে গালি দেবেন, তাকে মারবেন, পিটাবেন, সমাজছাড়া করবেন। জন্ম থেকে মনের সুখে আপনারা শুধু মেরেই যাচ্ছেন, আর মেরেই যাচ্ছেন। 

আপনারা পুরুষতন্ত্রের মাইবাপ। পৃথিবীর সকল ধর্ম আপনাদের মেয়েমানুষকে মারার একছত্র অধিকার দিয়েছে। আপনাদের ধর্ম বলেছে, মেয়েমানুষ ডাইনি, মেয়েমানুষ অশুভ, মেয়েমানুষ শয়তানের চেলা, মেয়েমানুষ আপনাদের পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি, মেয়েমানুষের কারনে স্বর্গ থেকে পতন হয়ে মর্ত্যে স্থান হয়েছে আপনাদের। তো সেই মেয়েমানুষকে দুইবেলা মারা তো আপনাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বের সামলাতে আপনাদের অবস্থা বেগতিক। যেখানে মেয়ে দেখছেন শুধু মারছেন, যেরকম মারা যায় সেভাবে মারছেন। আপনারা মারছেন, বাপ সহ চৌদ্দপুরুষ মিলে মারছেন, ভাই-বন্ধু মিলে মারছেন, পাড়া-প্রতিবেশী মিলে মারছেন, রাস্তার লোক মিলে মারছেন, মেরেই যাচ্ছেন। 

কিন্তু হুজুরগণ, এবার যে আপনাদের একটু থামতে হবে! আপনাদের ভাবতে হবে, সব মেয়েরা আপনাদের নিয়ন্ত্রনে আর নেই। আমার মা, তার চৌদ্দপুরুষ, এভাবে পড়ে পড়ে আপনাদের মার খেয়ে গেছেন বলে আমি, আমরাও যে আপনাদের মার মেনে নেব এরকম কিন্তু একেবারেই নয়। আমরা ঘুরে দাড়ানো শিখে গেছি। আমরা জাগছি। একজন একজন করে দিন দিন আমাদের দল কিন্তু ভারী হচ্ছে। আমরা এখন হাজারে আছি, তারপর লক্ষ থেকে কোটিতে ছড়াবো। তাই বলছি কি, আমাদের গায়ে হাত পড়লে আর যে আমরা চুপটি করে থাকবো না। তাই হাতটা এবার গুটোতে শিখুন। না হলে আমরা যেদিন মারতে শুরু করবো সেদিন দৌড়ে পালানোর পথ খুঁজে পাবেন না। 





শনিবার, ২২ এপ্রিল, ২০১৭


তোমার রসিকতা এবং আমার রাগ, হে আমার পুরুষবন্ধু
_______________________________________________




শুরুতেই একটা গল্প দিয়ে শুরু করি। এক নবাবের সভায় সবচেয়ে ধারালো অস্ত্রের প্রতিযোগীতা চলছে। অনেক লোক প্রতিযোগীতায় নাম লিখিয়েছে। কেউ হাতের তলোয়ার দিয়ে লোহা কাটছে, কেউ বর্শা দিয়ে গাছের গুড়ি এফোড় ওফোড় করে দিচ্ছে। তো এরকম এক ওস্তাদ, তার সামনে এক পালোয়ানকে দাড় করিয়ে তরোয়াল ঘোরালেন, পালোয়ানটিকে তখনও দাড়িয়ে থাকতে দেখে ওস্তাদ বললেন, বেয়াদব, সেলাম করো। পালোয়ানটি যেই ঝুকলো ওমনি তার মাথা খসে পড়ে গেল। নবাব বাহবা দিয়ে ওস্তাদকে পুরস্কার দিতে যাবেন এমন সময় এক রোগা হাড় ঝিরঝিরে লোক ছুটে এলো তার পুরো মুখ ঢাকা বউকে নিয়ে। জাঁহাপনা, সব চাইতে ধারালো অস্ত্র দেখে নিন, বলেই বউয়ের মুখের কাপড় খুলে দিল সে। লম্বা জিভ বের করে দিল বউ। ব্যস পুরস্কার নিয়ে গেল রোগা লোকটাই। মেয়েদের জিভের চাইতে ধারাল অস্ত্র হয় নাকি?

আমাদের সমাজের পুরুষদের অধিকাংশ রসিকতাই নারীকেন্দ্রিক। অথবা এভাবেও বলা যায়, আমাদের সমাজ নারীদের নিয়ে রসিকতা করতে খুব পছন্দ করে। নারীদের হেয় করে, তাদের নিয়ে রঙ্গরস করে আলাপ না করলে আমাদের সমাজের পুরুষদের আড্ডা জমে না। শুধু কি আড্ডা! সোস্যাল মিডিয়ায় ও নারীদের নিয়ে নিম্নমানের রসিকতা রীতিমত ট্রোল করা হয়। এবং ওই ট্রোল পেজ গুলোতে হাজার হাজার লাইক কমেন্ট উপচে পড়ে। 

এই ফেসবুকেই বিভিন্ন পোষ্টে প্রায়শই চোখে পড়ে নারীদের নিয়ে চটুল জোকস্। বউরা কান ঝালাপালা করে সর্বক্ষণ, তাদের কথার খোঁচায় পুরুষের মন নাকি সর্বদা জ্বলেপুড়ে অঙ্গার হয়! অবশ্য অঙ্গার হওয়ার ই তো কথা। নারীর কথায়, প্রতিক্রিয়ায় কান দিতে নারাজ পুরুষদের 'তুমি থামো' বলে ধমক দেওয়াটাই যে যুগ যুগ ধরে চলে আসছে। এটাই যে রীতি। 

সেদিন এক পোষ্টে দেখলাম একজন লিখেছে, "যদি দেখেন বিয়ের রাতে বিনা রক্তপাতে যুদ্ধ হয়ে গেছে, তবে ভাববেন দেশ অনেক আগেই স্বাধীন হয়ে গেছে" - হাসি মস্করার সেই পোষ্ট দেখেও অবাক হইনি। কারন আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষদের কাছে বিয়ের আগে সেক্স এডভেঞ্চার আর বিয়ের পর ঘরের নিরামিষ রেখে মাঝেমধ্যে বাইরের পোলাও বিরিয়ানি খাওয়া দোষের কিছু নয়। অথচ একই কাজ তার স্ত্রী করলে, তাকে কুলটা, বেশ্যা উপাধিতে ভুষিত করতে পিছপা হয়না সে। আমাদের সমাজের পুরুষের কাছে বিয়ে মানেই ভার্জিন যোনী। অবাক করা বিষয় হলো, এই পুরুষেরাই বিয়ের আগে সেক্সের  অভিজ্ঞতার জন্য চায় ভার্জিন যোনি, বিয়ের জন্যও খুঁজে ভার্জিন যোনি, বিয়ের পর মাঝে মধ্যে  'বিরিয়ানি' খেতেও খুঁজে ভার্জিন যোনী। তা সে নিজে যতই ভার্জিন না হোক! যৌনতার ক্ষেত্রে পুরুষের ধ্যানজ্ঞান ভার্জিন যোনীময়। হাত চালিয়ে বিশেষ অঙ্গে কড় পড়ে যাওয়া পুরুষ বিয়ের আগে বের হয় 'সতী' নারী খুঁজতে!!  

তো যা বলছিলাম, যেকোনো পাবলিক প্লেস, সে হোক ঘরোয়া আড্ডা, বন্ধুদের আড্ডা, ফেইসবুক, হোয়াটসআপ, ইন্টারনেট, রাস্তা, বাস, প্রতিনিয়ত পুরুষরা নারীদের নিয়ে এরকমই নীচুমানের জোকস্ বলে একধরনের সুতীব্র সুখ অনুভব করে। শুধু যে মজা বা তামাশা করার জন্য এসব বলা হয় তা কিন্তু নয়, এসবের মধ্য দিয়ে নারীর প্রতি বিদ্বেষও ফুটে উঠে। এবং পুরুষের এহেন বিকৃত রসবোধে ক্ষেত্রবিশেষে বিব্রত হতে হয় নারীদের ই। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করি প্রতিবাদ করার পরিবর্তে কিছু সংখ্যক নারীও ওইসব মজায় গা-ভাসান। কারন বুঝি, পুরুষতন্ত্র তাদের মাথায় জন্মের সময় থেকে ঠেসে গুজে দিয়েছে 'ভালো মেয়ের' সংজ্ঞা। 'ভালো মেয়েরা' মুখ বুজে সব সহ্য করে, 'ভালো মেয়েরা' প্রতিবাদ করে না, 'ভালো মেয়েরা' এহেন বিব্রত হওয়াকে খুব সহজে হজম করে ফেলে। অন্যায়কে মেনে নেওয়ার শিল্পটা পুরুষতন্ত্র বেশ ভালো করিয়েই রপ্ত করিয়েছে তাদের।

তাইতো পুরুষের এহেন নোংরা রসবোধের প্রতিবাদে তারা কুন্ঠা বোধ করে। কারন এই সমাজ নারী-পুরুষ নির্বিশেষে সবার মাথায় ঢুকিয়ে দিয়েছে প্রতিবাদী নারী মানে কুলটা, অভদ্র, ঝগড়ুটে। আমাদের সমাজে প্রচলিত ই আছে, "পুরুষ রাগলে হয় বাদশা, আর মেয়েমানুষ রাগলে হয় বেশ্যা"। আর এসব উপাধি থেকে বাঁচার জন্য, নিজেকে তথাকথিত 'ভালো মেয়ে' সাজিয়ে রাখার মরিয়া চেষ্টা করে যায় তারা। কিন্তু আর কত?? 

এই যে আমার বোকসোকা, ভালো মেয়েরা, দিদিরা, বোনেরা, বন্ধুরা, তোমাদের ই বলছি... আর কতো?? শোনো, তোমাদের সম্মান রক্ষায় তোমরা যদি ক্ষেত্রবিশেষে কিছুটা প্রতিবাদী হও, তোমরা কিন্তু মোটেই কুলটা, ঝগড়ুটে হয়ে যাবে না! বরং যারা তোমাদের এইগুলো বলতে আসবে, জেনে রেখো তারা তোমাদের সাহস আর শক্তিকে ভয় পাচ্ছে বলেই মরিয়া হয়ে তোমাদের দমানোর শেষ চেষ্টা করছে ওই উপাধিগুলো দিয়ে। তাই নিজের সম্মান রক্ষার্থে প্রতিবাদ করতে শেখো এহেন নোংরা রসিকতার।

আর আমার পুরুষ বন্ধু, প্রেমিক, দাদা, ভাই, বন্ধুদের বলছি, এবার সময় এসেছে সংযত হওয়ার। নিজেদের এহেন রসবোধকে নিজেদের মধ্যেই সীমাবদ্ধ করুন। নিজেদের বিকৃত রসবোধ নিয়ে সোস্যাল মিডিয়া, অথবা অন্যান্য জায়গায় নারীকে অস্বস্তিতে ফেলা বন্ধ করুন। আর না হলে, যেদিন আমরা রসিকতায় নামব, সেদিন পালানোর পথ খুঁজে পাবেন না। তাই সময় থাকতে সংযত হোন!!